রাতে বিএনপি নেতার বাড়িতে বৈঠক, হামলায় একই মাপের লাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপগঞ্জে জমি কেনা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের বিরোধ এবং এর থেকে সৃষ্ট সংঘর্ষের জন্য আবারও বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি দাবি করেন, বিএনপি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এর সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্তেই আসল সত্য বেরিয়ে আসবে।মাহবুব-উল-আলম হানিফ বলেন, সংঘর্ষের আগের রাতে বিএনপির সমর্থক স্থানীয় ইউপি সদস্য জয়নালের বাড়িতে বৈঠক করে এ ঘটনার পরিকল্পনা হয়। পরদিন তিন-চার হাজার মানুষ একই মাপের লাঠি ও গেঞ্জি পরে রাস্তায় নামে। এ থেকেই বোঝা যায়, এটা বিএনপির পরিকল্পিত হামলা।গতকাল সোমবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, রূপগঞ্জে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের আশপাশে হাউজিং কোম্পানিগুলো জায়গা কিনছে। এ ঘটনার পেছনে তাদেরও ইন্ধন থাকতে পারে। তিনি বলেন, সেনাবাহিনী বোর্ড খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার পর থেকেই তিনি (বিরোধীদলীয় নেত্রী) সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যেকোনো ধরনের ঘটনা ঘটিয়ে তাঁরা সেনাবাহিনীকে সরকার ও জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করছেন।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অভিযোগ সম্পর্কে মাহবুব-উল-আলম হানিফ বলেন, তাঁর বক্তব্য সেনাবাহিনী ও জনগণকে বিভক্ত করার অপচেষ্টা। এমন হীন অপচেষ্টা নিন্দনীয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, ‘রূপগঞ্জে সেনাবাহিনীর মধ্যম সারির কর্মকর্তাদের আবাসনব্যবস্থার জন্য পাঁচ-ছয় মাস আগে থেকেই জমি কেনা শুরু হয়। বাজারদরের সঙ্গে সংগতি রেখে সেনাবাহিনী জমি কিনছে বলে আমরা জেনেছি। হঠাৎ করে পরিস্থিতির অবনতি হয়ে সেখানে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয়, সে জন্য সরকার পদক্ষেপ নিয়েছে।’মাহবুব-উল-আলম হানিফ বলেন, রূপগঞ্জের চার-পাঁচ মৌজায় মোট এক লাখ ২০ হাজার বিঘা জমি রয়েছে। সেনাবাহিনীর জমি দরকার মাত্র পাঁচ হাজার বিঘা।