রাতে বিক্ষোভ দিনে পানি সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক করার দাবিতে গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে হল কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। গতকাল সোমবার থেকে ওই হলে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, ‘গ’ ব্লকে দীর্ঘদিন ধরে পানির জন্য ছাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কয়েক দিন পর পর ওই ব্লকের পানির লাইন নষ্ট হয়। এক সপ্তাহ ধরে প্রায়ই পানি থাকছে না। এ ব্যাপারে হল প্রশাসনের কাছে বারবার অভিযোগ দেওয়া হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। রোববার বিকেলের পর থেকে হলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানি না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় তাঁদের। এতে ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে রাত ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ছাত্রীরা হলের কর্মকর্তাদের তালাবদ্ধ করে কক্ষের জানালার কাচ ও নামফলক ভাঙচুর করেন। বিক্ষোভ শুরু হওয়ার পর হল প্রাধ্যক্ষকে জানানো হলেও তিনি হলে আসেননি। রাত দুইটা পর্যন্ত বিক্ষোভ চলে। এ পর্যায়ে হলের আবাসিক শিক্ষকেরা এসে পানির লাইন মেরামতের আশ্বাস দিলে ছাত্রীরা শান্ত হন। এ পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে হলে পানি সরবরাহ স্বাভাবিক হয়।