রমজান মাসে যানজট নিয়ন্ত্রণে রাখতে সিলেট নগরে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল নিষিদ্ধ করায় রাতে বিক্ষোভ করে ইজিবাইক চালকেরা নির্বিচারে গাড়ি ভাঙচুর করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত নগরে ইজিবাইক চালকদের তাণ্ডব চলে।
পরে পুলিশ অভিযান চালিয়ে নয়জন ইজিবাইক চালককে আটক করেছে। মহানগর পুলিশ সূত্র জানায়, নগরে যানজট নিয়ন্ত্রণে রাখতে সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত কার্যক্রম হিসেবে মহানগর পুলিশ গত বুধবার থেকে ইজিবাইক চলাচল নিষেধাজ্ঞা কার্যকর করে। এতে ওই দিন নগর যানজটমুক্ত হয়ে পড়ে। ইজিবাইকহীন নগরে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাগুলোর কদর বাড়ায় ইজিবাইক চালকেরা সংগঠিত হয়ে বিক্ষোভ করার নামে নির্বিচারে গাড়ি ভাঙচুর শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ইজিবাইক চালকেরা নগরের কুমারপাড়া, মিরবক্সটুলা, চৌহাট্টা, দরগা গেট ও সোবহানীঘাট এলাকায় অবস্থান নেন। পরে একযোগে হামলা চালিয়ে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন তাঁরা। এদিকে গাড়ি ভাঙচুর করার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার পুলিশের এএসআই পঙ্কজ দাস বাদী হয়ে গতকাল শুক্রবার বিকেলে মামলাটি দায়ের করেন। মামলায় ২৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।