রাতে ভুতুড়ে পরিবেশ, দিনেও ভোগান্তি
জামালপুর শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালটি প্রতিষ্ঠার পর ৩১ বছর পার হলেও উন্নয়নের উল্লেখযোগ্য কোনো ছোঁয়া লাগেনি। অথচ এ টার্মিনাল থেকে প্রতিদিন আন্তজেলাসহ দূরপাল্লার শতাধিক বাস চলাচল করে। কিন্তু যাত্রীছাউনি না থাকা, খাবার পানির সংকট, শৌচাগারের অভাবসহ বাতির ব্যবস্থা না থাকায় এ টার্মিনালে যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
জেলা পরিষদ সূত্র জানায়, শহরের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দাড়িপাড়া এলাকায় দুই একর ৮৮ শতাংশ জমির ওপর ১৯৮৩ সালে সাড়ে ১২ লাখ টাকায় টার্মিনালটি নির্মাণ করা হয়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, প্রধান সড়ক থেকে কিছুটা নিচুতে টার্মিনালের একতলা জরাজীর্ণ ভবন। বৃষ্টি হলেই ভবনের চারদিকে পানি জমে যায়। টার্মিনালে যাত্রীদের বসার জন্য কোনো চেয়ার নেই। ভবনের বাইরে নেই কোনো যাত্রীছাউনি। ভবনের বাইরে নোংরা ও দুর্গন্ধময় একটি শৌচাগার থাকলেও সেটি ব্যবহারে টাকা দিতে হয়।
টার্মিনালের প্রধান সড়কে কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। তাঁরা অভিযোগ করেন, যাত্রীছাউনি না থাকায় তীব্র রোদ বা বৃষ্টির সময় বাইরে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। যে ভবনটি আছে, সেখানে বসার মতো কোনো পরিবেশ নেই। খাবার পানির জন্য একটি নলকূপও নেই।
টার্মিনাল ভবনের সামনে দাঁড়িয়ে থাকা বাসযাত্রী আশরাফ বলেন, রাজশাহী থেকে প্রতি সপ্তাহে তিন দিন তিনি ব্যবসার কাজে জামালপুর আসেন। রাতে আলোর কোনো ব্যবস্থা না থাকায় আর সব সমস্যা ছাপিয়ে অন্ধকারই প্রকট সমস্যা হয়ে দাঁড়ায়।
সুরুজ্জামান নামের একজন বাসচালক বলেন, একটা ট্রিপ দিয়ে আসার পর চালকদের জন্য গোসল ও ঘুম খুব জরুরি। কিন্তু এখানে ঘুম ও গোসলের কোনো ব্যবস্থা নেই। খাওয়ার পানি পর্যন্ত পাওয়া যায় না। অথচ এসব সুবিধার জন্য প্রতিটি বাস থেকে ১০ টাকা করে প্রতিদিন চাঁদা নেওয়া হয়।
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, টার্মিনাল ভবনটিতে ১০ মিনিটও বসার পরিবেশ নেই। আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর এখানে ভুতুড়ে পরিবেশ নেমে আসে। প্রতিবছর শ্রমিক-মালিক ও নেতা-কর্মীরা জেলা পরিষদের কাছে এসব সমস্যা লিখিতভাবে জানানোর পরও অবস্থার কোনো উন্নয়ন হয়নি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি বিদ্যমান পরিস্থিতির কথা স্বীকার করে বলেন, প্রতিবছর এই টার্মিনালটি ইজারা দেওয়া হয়। সেখান থেকে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা পাওয়া যায়। রাজস্ব আয় খুব নগণ্য হওয়ায় ইচ্ছা থাকলেও বড় ধরনের কোনো উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। তবে আগামী অর্থবছরে টার্মিনালটির বড় ধরনের উন্নয়নের পরিকল্পনা রয়েছে।