ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে গতকাল শনিবার সকালের দিকে পুরোনো কমিটি বিলুপ্ত করলেও রাতে ভোলায় গিয়ে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংঘাতের আশঙ্কায় নেতারা সম্মেলনস্থলে কমিটি ঘোষণা দেননি বলে জানা যায়।
ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী বলেন, হায়াত আলী রেজভীকে সভাপতি ও সোয়াইব হোসেন আল-আমিনকে সাধারণ সম্পাদক করে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ কমিটি এবং সামসুদ্দিন সাগরকে সভাপতি ও সুমন ফরাজিকে সাধারণ সম্পাদক করে মনপুরা উপজেলা ছাত্রলীগ কমিটি করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম। নতুন কমিটিকে পূর্ণোদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান, সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ আশিক, মাকসুদুর রহমান, রাকিব হাসান, ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।