রাতে মশা, দিনেও মশা

খাল নয়, যেন খোলা নর্দমা। অবিরত ডিম পাড়ছে মশা। কচুরিপানা জমেছে। নিচ থেকে শূককীট উঠে আসছে পাতার ওপরে।
এই অবস্থা দেখা যায় রোববার বেলা ১১টার দিকে রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকা মান্ডা খালে। স্থানীয় বয়োজ্যেষ্ঠ বাসিন্দা রায়হানুল ইসলাম বললেন, ‘এসব ডিম থেকে মশার জন্ম হচ্ছে প্রতিনিয়ত। উড়ে আসছে চারপাশের বাড়িঘরে। অসহায়ের মতো মশার কামড় খেয়েই দিন কাটাচ্ছি আমরা।’
খালপাড়ে সাত-আটজন লোক দাঁড়িয়ে। বললেন, অনেক দিন ধরেই মশার জ্বালায় তাঁরা অতিষ্ঠ। গত তিন দিন থেকে সন্ধ্যায় বিকট শব্দে ফগার মেশিন চালিয়ে মশা মারা হচ্ছে। এতে উড়ন্ত মশা কমলেও মশার প্রজননক্ষেত্র ঠিকই আছে। তবে এই অভিযান আরও আগে শুরু হলে উড়ন্ত মশা কম হতো।
মুগদা এলাকার বাসিন্দা গৃহিণী মনোয়ারা বেগম ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘পাঁচ বছর কোনো কাউন্সিলর আছিলেন না। কাউরে অভিযোগ জানাইতে পারি নাই। এখন কাউন্সিলর আছেন, কিন্তু নালা-নর্দমা ঠিক করতাছে না, মশা জন্মানোর জায়গা তারাই বানায়া রাখছে।’
বাসাবোর বাসিন্দা আবদুল করিম তাঁর বাড়ির সামনের নর্দমা দেখিয়ে বললেন, মশার এই উৎসস্থলগুলো নষ্ট করে দেওয়ার জন্য এত দিন করপোরেশনের কোনো তৎপরতাই ছিল না। কাউন্সিলরের কার্যালয়ে অভিযোগ করেও লাভ হয়নি। মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে অসহায়ের মতো দিন যাপন করতে হয়েছে। এখন ওষুধ ছিটানো হলেও মশা কমছে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এসব এলাকা ছাড়াও দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনেক এলাকায় মশাজনিত ভোগান্তিতে আছেন লাখ লাখ বাসিন্দা। পুরান ঢাকার ঘিঞ্জি-গলি থেকে ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকা পর্যন্ত মহানগরের এমন এলাকা খুব কম রয়েছে, যেখানে মশার উৎপাতে মানুষ এখন অতিষ্ঠ নন। ধানমন্ডি ৮, মিরপুর ১৪
উত্তরে মিরপুর এলাকায় মশার প্রচণ্ড উপদ্রবের কথা বলেছেন বাসিন্দারা। কাফরুল থানার বিপরীত দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটের বাসিন্দা রশিদুল আলম বলেন, দিনের বেলায়ও মশারি খাটাতে হচ্ছে। তিনি বলেন, এত দিন মশক নিধনের কোনো তৎপরতা ছিল না। গত বৃহস্পতিবার সকালে ও সন্ধ্যায় ওষুধ ছিটানো হয়েছে। ভাষানটেকে ছিন্নমূল অ্যাপার্টমেন্টের বাসিন্দারা মশার জ্বালায় অতিষ্ঠ বলে জানান।
মশা মারার অভিযান দেরিতে শুরু হয়েছে—এমন অভিযোগের বিষয়ে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আজমল হোসেন প্রথম আলোকে বলেন, ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্ন ঢাকার (প্রাণসখা ঢাকা) ঘোষণা দেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি মশক নিধনের বিশেষ অভিযান (ক্র্যাশ প্রোগ্রাম) শুরু হয়, যা পরিচ্ছন্ন ঢাকার ধারাবাহিকতাতেই আসে।
মশার উৎসস্থল: যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ, মানিকনগর, মুগদা, মান্ডা, মাদারটেক প্রভৃতি এলাকায় খালগুলো মশার প্রধান প্রজননস্থলে পরিণত হয়েছে। মুগদা ওয়াসা রোডের কাছে, তালতলা থানার পাশে, শান্তিবাগসহ আশপাশের এলাকায় যেসব ঝিল এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে, সেগুলো কচুরিপানায় ভরা। মান্ডা সেতুর নিচে প্রচুর কচুরিপানা দেখা যায়। সেগুলোর আড়ালে মশার লার্ভা। এসব এলাকার বাসিন্দারা বলেন, এলাকার নর্দমায় এখন ওষুধ ছিটানো হলেও খালে বা ঝিলে দেওয়া হচ্ছে না। কচুরিপানাও পরিষ্কার করা হচ্ছে না। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, সায়েদাবাদসহ ৫ নম্বর অঞ্চলে, মুগদাসহ ৪ নম্বর অঞ্চলে এবং পুরান ঢাকার ৩ নম্বর অঞ্চলে কচুরিপানা পরিষ্কার করার জন্য কমিটি করা হয়েছে। তবে এখনো কার্যক্রম শুরু হয়নি।
উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল, কল্যাণপুর ক-খাল, রূপনগর খালে কচুরিপানা রয়েছে। তবে কুড়িলে, ইব্রাহীমপুর খালে কিছু অংশ পরিষ্কার করা হয়েছে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সালেহ্ ভূঁইয়া বলেন, দুই বছর ধরে ইব্রাহীমপুর খাল পরিষ্কার করা হয়নি। এবার করা হচ্ছে। সব খালই দ্রুত পরিষ্কার করা হবে।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ বি এম কামরুল আলম চৌধুরী বলেন, মার্চ থেকে মে পর্যন্ত ওয়াসাও সব খাল পরিষ্কারের কর্মসূচি নিয়েছে।
এই ওষুধে চলে না: গত সোমবার বিকেলে কারওয়ান বাজারে ডিএনসিসির ৫ নম্বর আঞ্চলিক কার্যালয়ের সামনে ফগার মেশিন নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন কর্মী। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, একটি ওয়ার্ডের জন্য পাঁচটি মেশিন ব্যবহার করা হয়। পাওয়া যায় ৫ লিটার ওষুধ, আধা ঘণ্টা ছিটালে ফুরিয়ে যায়। তাঁদের মতে, একটি মেশিনে অন্তত ১২ লিটার ওষুধ দেওয়া উচিত।
একই অভিযোগ করেছেন দক্ষিণের ২ ও ৫ নম্বর অঞ্চলের কর্মীরা।
জানতে চাইলে উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম সালেহ্ ভূঁইয়া বলেন, ওষুধ কম দেওয়া হয় না, যে পরিমাণ দরকার সে পরিমাণ ওষুধই দেওয়া হয়। তিনি বলেন, মশার লার্ভা মারার জন্য দুই সিসি ওষুধে ১০ লিটার পানি দেওয়া যায়। সমস্যা হয় না।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আজমল হোসেন বলেন, সব কটি ওয়ার্ডে প্রতিদিন মশার লার্ভা মারতে ৯ লিটার করে ওষুধ ছিটানো (লার্ভিসাইডিং) হচ্ছে। সন্ধ্যায় উড়ন্ত মশা মারতে ফগিং করা হচ্ছে।