রাতে মান্না ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ডিবি পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে মান্নাকে যৌথ জিজ্ঞাসাবাদ (টিএফআই) সেলে নেওয়া হচ্ছে। আজ বা কালের মধ্যে এই সেল গঠন করা হবে বলে পুলিশের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে। দ্বিতীয় দফা ১০ দিনের রিমান্ডে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মান্নাকে জিজ্ঞাসাবাদ করছে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রিমান্ডে থাকা অবস্থায় মান্না অসুস্থ বোধ করছিলেন। এ সময় চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা তাঁর হার্ট ও রক্ত পরীক্ষার কথা বলেন। রাতে হার্ট পরীক্ষা সম্পন্ন হলেও রক্ত পরীক্ষার জন্য সময় লাগে। এ কারণে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের একটি বিছানায় রাখা হয়েছে। পরীক্ষায় কোনো কিছু না পাওয়া গেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
পরীক্ষা-নিরীক্ষার জন্য মান্নাকে হাসপাতালে নেওয়া হয় বলে কতর্ব্যরত চিকিৎসক প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত রিমান্ডে মান্না কোনো ধরনের তথ্যই দেননি। এমনকি তিনি টেলিফোনে কার সঙ্গে কথা বলেছিলেন, সে নামটিও বলেননি। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বারবার একই ধরনের কথা বলছেন।
ওই কর্মকর্তা বলেন, কোনো ধরনের তথ্য না পাওয়ার পর তদন্তকারী সংস্থা মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য টিএফআই সেল গঠনের প্রস্তাব করে। নিয়ম অনুসারে পুলিশের বিশেষ শাখা এ ধরনের সেল গঠন করে। এই সেলে সব সংস্থার কর্মকর্তারা থাকেন। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বা আগামীকালের মধ্যে সেল গঠন করা হতে পারে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি দল মান্নাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই সময় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়। দিনভর তাঁর খোঁজ পাওয়া না গেলেও পরদিন ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানার পুলিশের হাতে মান্নাকে হস্তান্তর করে র্যাব। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে হাজির করে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গত শনিবার আবার মান্নাকে ১০ দিনের রিমান্ডে আনা হয়।