জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রোববার রাতে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ২০ কর্মী। ওই ঘটনার পর গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ছয়টি গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করে ছাত্রলীগের তিন কর্মীকে।ওই কর্মীদের মুক্তি ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের একটি অংশ গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে হামলা চালায়, বিক্ষোভ করে উপাচার্যের বাসভবনের সামনে।ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী বলেন, রোববার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগের কর্মী রাশেদুল হাসান ও লিংকনসহ তিন-চারজন শিক্ষার্থী বাসচালকের এক সহযোগীর সঙ্গে বাগিবতণ্ডা করেন। এ সময় মওলানা ভাসানী হলের ছাত্রলীগের কর্মী সোহাগ ও আসাদ সেখানে গিয়ে ঘটনা জানতে চাইলে ছাত্রলীগের ওই কর্মীরা তাঁদের লাঞ্ছিত করেন। রাত ১০টার দিকে রাশেদুল ও লিংকন বটতলা এলাকায় খাবার খেতে যান। এ সময় ভাসানী হলের ছাত্রলীগের কর্মী মেহেদী, সেলিমের নেতৃত্বে ১৫-২০ জন রড, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে রাশেদুল ও লিংকনকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে রফিক-জব্বার হলের ছাত্রলীগের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বটতলায় এসে ভাসানী হলের কর্মীদের ধাওয়া দেন। মারধর করেন ভাসানী হলের ছাত্রলীগের কর্মী শাওনকে। পরে দুই হলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ইটের আঘাতে নওশাদ আলম, বায়েজিদ, সোহাগ, ইউনুস, ইকবালসহ উভয় হলের ১৭-১৮ জন আহত হন।ঘটনার পর পর প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে দুটি হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ভাসানী হলের ১০৮ নম্বর কক্ষ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ছয়টি গুলিসহ ছাত্রলীগের কর্মী বোরহান উদ্দিনকে আটক করা হয়। বোরহান পিস্তলটি একই হলের ছাত্রলীগের কর্মী মো. মোর্শেদুর রহমানের বলে দাবি করায় পুলিশ মোর্শেদকেও আটক করে। অপরদিকে শহীদ রফিক-জব্বার হল থেকে রামদাসহ ছাত্রলীগের কর্মী মো. মাজেদুর রহমানকে আটক করা হয়। এ ছাড়া উভয় হলের বিভিন্ন কক্ষ থেকে দেশীয় অস্ত্রসহ রড ও লোহার পাইপ উদ্ধার করে পুলিশ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে।বহিষ্কার: গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে আটক তিনজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ছাত্রলীগের বিক্ষোভ: বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তিনজনের মুক্তি ও উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। ভাঙচুর করেন ভবনের জানালার কাচ। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের দুই শতাধিক কর্মী বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, কলা ও মানবিকী, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন ও পদার্থবিজ্ঞান ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘সংগঠনের একাধিক কর্মী আটক তিনজনকে নির্দোষ দাবি করে মুক্তির দাবি জানিয়েছেন। কিন্তু অস্ত্রসহ গ্রেপ্তার করার বিষয়টি পুলিশই ভালো বলতে পারবে।’উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘আটক ছাত্ররা ছাত্রলীগের কেউ নয়। মারামারি ও অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রশাসনিকভাবে চিহ্নিত করতে প্রক্টরিয়াল বডির সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’