রাতে মাল্টিপ্ল্যান সেন্টারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টার নামের একটি বহুতল ভবনের নবম তলায় আগুন লেগে কম্পিউটার যন্ত্রাংশের বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত নয়টার দিকে ৭১ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের নবম তলায় আগুন জ্বলতে দেখে মার্কেটের নিরাপত্তাকর্মীরা ফায়ার সার্ভিসকে জানান। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। তাদের কর্মীরা পাশের একটি ভবনের ১০ তলা থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় গোটা এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়।
একপর্যায়ে কয়েকজন কর্মী নবম তলায় ঢুকে পানি ছিটান। ফলে আগুন অন্য তলায় ছড়াতে পারেনি। রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা বোধন সরকার বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে বিকট শব্দে মাল্টিপ্ল্যান সেন্টারের পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এর পরই নবম তলায় আগুন দেখা যায়।
ভবনটির নিচতলায় তৈরি পোশাক, দোতলায় দরজির দোকান, তৃতীয় তলায় মুঠোফোন, চতুর্থ থেকে ১০ তলায় কম্পিউটারের যন্ত্রাংশের দোকান, ১১ থেকে ১৪ তলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।