রাতে মৃত্যুর পর সকালে জানা গেল করোনা 'পজিটিভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে, ওই ব্যক্তি করোনা ‘পজিটিভ’ ছিলেন।

মারা যাওয়া ব্যক্তির নাম শামসুল আলম (৬০)। তিনি মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শামসুল আলম কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা পরীক্ষার জন্য তিনি ৯ জুন নমুনা জমা দেন। ওই নমুনা পরদিন ঢাকায় পাঠানো হয়। এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। স্বজনেরা তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে লাশ বুধবার ভোররাতে নিজ গ্রামে দাফন করা হয়। পরে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়, শামসুল আলমের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে তিনি করোনা ‘পজিটিভ’ ছিলেন বলে নিশ্চিত হয়েছে।

এর আগে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের বাসিন্দা শমসের আলী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোরে মারা যান। তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনও বুধবার সকালে হাতে পায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে তিনি করোনা ‘পজিটিভ’ হিসেব শনাক্ত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই ওই দুজন মারা গেছেন। এ দুজনসহ উপজেলায় করোনায় সংক্রমিত হিসেব নতুন শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।