হবিগঞ্জে বিদ্যুতের ঘাটতি নেই, যে কারণে লোডশেডিংও হয় না। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এমনটাই দাবি করেন। অথচ কয়েক দিন ধরে শহর ও শহরতলিতে রাতে বিদ্যুৎ প্রায় থাকে না বললেই চলে। কখনো কখনো সাত থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন কাটাতে হয় শহরবাসীকে।গত কয়েক দিনের ঘটনায় ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। দেখা দিয়েছে পানির সংকট। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক বিদ্যুতের আবাসিক প্রকৌশলীকে তাঁর কার্যালয়ে তলব করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগে বৃষ্টি হলেই পাঁচ-ছয় ঘণ্টার জন্য বিদ্যুৎ চলে যেত। এখন তা বেড়ে ১৫ ঘণ্টায় ঠেকেছে। এ বিষয়ে ৯ এপ্রিল প্রথম আলোয় ‘বৃষ্টি হলেই হবিগঞ্জে বিদ্যুৎ বন্ধ ৫ থেকে ৬ ঘণ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দাবি, শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র থেকে ২৮ কিলোমিটার দূরে হবিগঞ্জ শহরের বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে যে লাইনের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ হয়, সেই লাইনে প্রায়ই গাছের ডালপালা পড়ে এ সমস্যা হচ্ছে। শহরের কয়েকজন বাসিন্দা জানান, গত বৃহস্পতিবার রাত ১১টায় বিদ্যুৎ যায়। মাঝে দুইবার কিছু সময়ের জন্য এসে আবার চলে যায়। পরে সকাল ছয়টার দিকে বিদ্যুৎ আসে। গত বুধবার রাত আটটার দিকে বিদ্যুৎ যায়। টানা ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ১১টায় আসে। আগের দিন সোমবার রাত নয়টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আসে পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। তার আগের দিনও একই রকম পরিস্থিতি ছিল। শহরের পুরোনো মুন্সেফ আবাসিক এলাকার বাসিন্দা শিরুল চৌধুরী বলেন, ‘এভাবে লাগাতার ১৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকার বিষয়টি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।’ রাজনগর এলাকার স্কুলশিক্ষক রোকেয়া আক্তার বলেন, ‘শুধু বিদ্যুৎ না, সঙ্গে পানিরও সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকলে ট্যাঙ্কিতে পানি তোলা যায় না।’ গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের মূল ফটক বন্ধ। ছোট দরজা দিয়ে আসা-যাওয়া করছে লোকজন। ভেতরে ঢুকে দেখা যায়, আবাসিক প্রকৌশলীসহ অন্য কর্মকর্তাদের কক্ষে তালা। তবে উপসহকারী প্রকৌশলী মোহামঞ্চদ শাহজাহান তাঁর কক্ষে বসে কাজ করছেন। অফিস চলাকালে কক্ষগুলো তালা ঝোলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্যারসহ (আবাসিক প্রকৌশলী) সবাই লাইন মেরামতের কাজে গতকাল সারা রাত বাইরে কাটিয়েছেন। এখন তাঁরা বিশ্রামে আছেন।’ এ সময় সাইফুল নামে এক গ্রাহক বলেন, ‘গ্রাহকের ভয়ে তাঁরা অফিস করেন না।’ তিনি অভিযোগ করেন, ‘রাতে বিদ্যুৎ চলে গেলে, এ অফিসের লোকজন নাক ডাকিয়ে ঘুমান। সকাল হলে বিদ্যুৎ লাইনের কোথায় সমস্যা হয়েছে, তা খুঁজতে বের হন তাঁরা। এ কারণে একবার বিদ্যুৎ গেলে ১৫ ঘণ্টার কমে আসে না।’ উপসহকারী প্রকৌশলী মোহামঞ্চদ শাহজাহান জানান, শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের লাইনটি ১৯৮০ সালে স্থাপন করা হয়। হবিগঞ্জ শহর ও শহরতলিতে ১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা এখান থেকে মেটে। সরবরাহ লাইনের আশপাশে বসতি গড়ে উঠেছে, আছে অনেক গাছপালা। প্রায়ই ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছের ডাল পড়ে এ সমস্যা হচ্ছে। আবাসিক প্রকৌশলী শামস এ আরেফিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও একই যুক্তি দেখিয়ে বলেন, ‘ঝড়-বৃষ্টিই মূল সমস্যা।’ বুধবার রাতে তো ঝড় হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ‘গতকাল (বুধবার রাতে) প্রচণ্ড ঝড় হয়েছিল। এ ঝড় ছিল বিগত তিন বছরের মধ্যে ভয়াবহ।’ তবে এলাকাবাসী জানান, বুধবার রাতে একটু বৃষ্টি হলেও কোনো ঝড় হয়নি। আবাসিক প্রকৌশলী আরও জানান, এ জেলায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। যে কারণে লোডশেডিং নেই। লাইনের সমস্যার কারণে এ বিপর্যয়। এ লাইনের পাশাপাশি আরেকটি বিদ্যুৎ লাইন তৈরি করতে পারলে এ সমস্যা দূর হতো।