রাতে রংপুর থেকে অক্সিজেন আসায় বাঁচল শিশু চারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের সরবরাহ শেষ হয়ে যাওয়ার কারণে গত বুধবার থেকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) বন্ধ করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হাসপাতালের শিশু ওয়ার্ডে চারটি শিশু মৃত্যুঝুঁকিতে পড়ে যায়। পরে রাতে রংপুর থেকে অক্সিজেন আসায় তারা বেঁচে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পাবনার দাশুড়িয়া এলাকার ফয়সাল নামে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে (শিশু বিভাগ) ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে সাড়ে নয়টার দিকে তার অভিভাবক শফিউদ্দিন অক্সিজেনের জন্য ছোটাছুটি শুরু করেন। চিকিৎসকের পরামর্শ, ফয়সালকে বাঁচাতে জরুরিভিত্তিতে অক্সিজেন প্রয়োজন। কিন্তু গোটা হাসপাতাল ঘুরেও মেলেনি অক্সিজেন। শুধু ফয়সাল নয়, অক্সিজেনের অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছায় ওই ওয়ার্ডের মিম্মা, নাবিবা ও বেবিসহ কয়েকটি শিশু। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় চরম আতঙ্কের মধ্যে পড়ে যান হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। রাত সাড়ে ১০টার দিকে একমাত্র সরবরাহকারী কোম্পানি লিন্ডা তাদের রংপুর প্লান্ট থেকে কিছু মেডিকেল গ্যাস নিয়ে আসে।