রাতে শতাধিক গাছ কেটে প্যারাবনের জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকার কিছু লোক রাতের আঁধারে প্যারাবনের শতাধিক কেওড়া-বাইনগাছ কেটে জমি দখলে নিয়ে বসতবাড়ি তৈরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রথমে তাঁরা প্যারাবনের মাটি কেটে বনভূমি দখলে নেন। এরপর মাটি বস্তাবন্দী করে জমি ভরাট করছেন। বন বিভাগ বলছে, পর্যাপ্ত লোকবল না থাকায় প্রায় তিন হাজার একর প্যারাবন পাহারা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সরেজমিনে দেখা গেছে, প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে কিছু লোক রাতের বেলায় উপজেলার টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়ার নাফ নদীসংলগ্ন ম্যানগ্রোভ (শ্বাসমূলীয়) বনের শতাধিক কেওড়া-বাইনগাছ কেটে প্রত্যেকে ২০-৩০ ফুট করে জমি ভরাট করে বসতঘর তৈরি করছেন। ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন রাতের আঁধারে প্যারাবনের মাটি কেটে বস্তাবন্দী করে জমি ভরাট করে দখল করা হচ্ছে। তাঁরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। কিন্তু রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন বিষয়টির ওপর নজরে দিচ্ছে না। জানা গেছে, টেকনাফ পৌর এলাকার নাফ নদীর তীরের প্যারাবনের পার্শ্ববর্তী নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা মো আকবর, মো ইসমাইল ও মোহামঞ্চদ শফিসহ বেশ কয়েকজনের একটি চক্র উপকূলীয় এলাকায় শতাধিক গাছ কেটে ফেলেছেন। এরপর তাঁরা মাটি কেটে বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে বসতঘর তৈরি করছেন। এ ব্যাপারে অভিযুক্ত মো আকবর, মো ইসমাইল ও মোহামঞ্চদ শফি বলেন, প্যারাবনের জমি ইজারা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। নদীর পাশে বাড়ি হওয়ায় প্রতিদিন জোয়ারের আঘাতে তাঁদের জমি নদীতে বিলীন হচ্ছে। তাই প্যারাবনের মাটি কেটে ভরাট করে ঘর তৈরি করা হচ্ছে। উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. দেলোয়ার ইসলাম বলেন, ‘প্যারাবনের অধিকাংশ জমি ইজারা নেওয়ার অজুহাতে জবরদখলের পাশাপাশি শতাধিক কেওড়া-বাইনগাছ নিধনের খবর পেয়েছি। কিন্তু অফিসের কাজে চট্টগ্রাম থাকায় এখনই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।’ উপকূলীয় বন বিভাগের কক্সবাজারের সহকারী বন সংরক্ষক এনামুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, লোকবলের সংকট রয়েছে। ১০ জন কর্মকর্তা-কর্মচারীর পক্ষে প্রায় তিন হাজার একর প্যারাবন পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। অবৈধভাবে প্যারাবনের মাটি কেটে দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হচ্ছে।