মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে—গতকাল মঙ্গলবার রাতে এ খবরে ঢাকাসহ সারা দেশে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে ঘটে ভাঙচুর, হামলা, সংঘর্ষের ঘটনা।
গাজীপুরে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে মা ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। ফেনীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন।
গাজীপুর সদর উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মোগরখাল এলাকায় রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ড ভ্যানের সামনের অংশে পেট্রলবোমা হামলা চালানো হয়। কাভার্ড ভ্যানে ছিলেন আদম আলী ও তাঁর স্ত্রী সুমি আক্তার (২৮), মেয়ে সানজিদা (৮) ও সাদিয়া (২)।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহীন মিয়া জানান, পেট্রলবোমার আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কাভার্ড ভ্যানের সামনের আসনে থাকা সুমি ও সানজিদা পুড়ে মারা যায়। আদম আলী ও তাঁর আরেক মেয়ে এবং চালক ও তাঁর সহযোগীও অগ্নিদগ্ধ হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত আদম আলী জানান, তাঁরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকেন। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যেতে তাঁরা রূপগঞ্জ থেকে বগুড়াগামী কাভার্ড ভ্যানে উঠেছিলেন। আগুনে তাঁর স্ত্রী ও এক মেয়ে দগ্ধ হয়ে মারা যায়।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় কুমার ভূষণ দাস জানান, আগুনে আদম আলী ও সাদিয়ার পা দগ্ধ হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা এ হামলা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে রাত সাড়ে আটটার দিকে গাজীপুর সদর উপজেলার ঢাকা বাইপাস সড়কের ভোগড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত আট যাত্রী আহত হন।
ফেনীর শহীদ শহীদুল্লা সড়কে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা গুলি ও বোমাবাজি শুরু করেন। এ সময় কুমিল্লা বাসস্ট্যান্ডে সালমান (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম শামসুদ্দিন তাঁকে শিবিরের কর্মী বলে দাবি করেন। শহরের টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে রাখা একটি জিপ ও কার্যালয়ের কলাপসিবল গেট ভেঙে ভেতরে থাকা একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।
জামায়াত-শিবিরের কর্মীরা রাজশাহী শহরের রাস্তায় আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীর রাজশাহীর বাসায় বোমা হামলা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়লে সংঘর্ষ বেধে যায়। শিবির পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, হামলায় বাসার কোনো ক্ষতি হয়নি। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
রাত নয়টার দিকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। নাশকতা রোধে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাত সাড়ে নয়টায় খুলনার খানজাহান আলী সড়কের পিটিআই ও মডার্ন ফার্নিচার মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। পিটিআই মোড়ে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
ঈশ্বরদীতে পিকেটারদের ছোড়া পেট্রলবোমায় ইজিবাইকচালক, যাত্রী মা ও মেয়ে দগ্ধ হয়েছে। অপর ঘটনায় আরেক ইজিবাইকে আগুন দিয়ে পুড়িয়েছে পিকেটাররা। শহরের স্টেশন রোডে রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে পথচারী ও স্থানীয় সংবাদকর্মীদের চেষ্টায় আগুন থেকে রক্ষা পায় তারা।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ও রেল পুলিশ ফাঁড়ির সামনে ১৫-২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাদের মোল্লার ফাঁসির খবর প্রচারের পরপরই এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত সাতটি ককটেল উদ্ধার এবং সন্দেহভাজন তিনজনকে আটক করে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে জামায়াত-শিবিরের কর্মীরা তাণ্ডব শুরু করেন। তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশের বৈদ্যুতিক বাতি নিভিয়ে যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালান। পরে তাঁরা উপজেলা শহরের প্রফেসরপাড়া এলাকায় পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোকছেদ চৌধুরীর বাড়ি এবং বাড়ির সামনে রাখা সরকারি পাজেরো জিপ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ায় জামায়াতের মহিলা কর্মীদের গোপন বৈঠকে পুলিশ অভিযান চালিয়ে দুই মহিলা কর্মীকে আটক করে। এ সময় জামায়াতের কর্মীরা পুলিশকে মারধর করে তাঁদের ছিনিয়ে নেন। থানার ওসির গাড়িও ভাঙচুর করা হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং ফেনী, গাজীপুর, জয়পুরহাট, ঈশ্বরদী, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুষ্টিয়া প্রতিনিধি]