আগের দিন রাতে দুটি কেন্দ্রে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে৷ সেই সঙ্গে কেন্দ্র দখল ও লাশ পড়ার গুজবে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দেয়৷ কিন্তু গতকাল বুধবার সব শঙ্কা জয় করে স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বোয়ালখালী পৌরসভার প্রথম নির্বাচন৷
নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কালাম আবু৷
নির্বাচনে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি৷ বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ প্রথম পৌর মেয়র ও কাউন্সিলর নির্বাচন নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ততার কমতি ছিল না৷
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নুরুল হক বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ হয়েছে৷ রাতে গুজব ছড়িয়ে গণ্ডগোল হয় দু-একটি জায়গায়৷ তবে ঘটনায় ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ছিল৷ তাই নির্বাচন নির্বিঘ্ন হয়েছে৷’
মঙ্গলবার রাতে মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক পক্ষ ভাঙচুর চালায়৷ এ সময় কেন্দ্রের পুলিশ ও আনসারের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে৷ দুর্বৃত্তরা আনসার সদস্যের ১০টি গুলিসহ একটি রাইফেলও ছিনতাই করে৷ পরে অবশ্য পুলিশ তা উদ্ধার করে৷ এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হন৷ তাঁদের মধ্যে একজন আনসার সদস্যও রয়েছেন৷
রাতে সংঘর্ষ হলেও এই কেন্দ্রে গতকাল সকাল থেকে প্রচুর ভোটার উপস্থিতি দেখা যায়৷ বেলা ১১টা পর্যন্ত এখানে প্রায় সাড়ে ৬০০ ভোট পড়ে৷ মোট ভোটার দুই হাজার ২০৫৷
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘কেন্দ্র দখল হয়ে গেছে—এই গুজব ছড়িয়ে রাতে সংঘর্ষ হয়৷ এক পক্ষ প্রথমে এসে কোনো সমস্যা আছে কি না, জানতে চায় আমার কাছে৷ এরপর আরেকটি পক্ষ এসে কেন্দ্র দখল হয়েছে বলে গণ্ডগোল বাধিয়ে দেয়৷ তবে নির্বাচনে ওই সংঘর্ষের প্রভাব পড়েনি৷’
একইভাবে কেন্দ্র দখলের গুজব ছড়িয়ে পশ্চিম কধুরখীল উচ্চবিদ্যালয় কেন্দ্রেও রাতে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে৷ এতে অন্তত পাঁচজন আহত হন৷ এখানেও নির্বাচনে গণ্ডগোলের কোনো ছাপ পড়েনি৷ বেলা সাড়ে ১২টার দিকে এখানে এক হাজার ৮০০-এর বেশি ভোট পড়ে৷ মোট ভোটার তিন হাজার ১৮২৷ ভোট দিতে সারিতে দাঁড়ানো দুই নারী জানান, ‘রাতে ঝামেলা হয়েছিল শুনেছি৷ কিন্তু ভোট দিতে কোনো সমস্যা তো দেখছি না৷’
এই কেন্দ্র থেকে কিছু দূরে কধুরখীল শিকাদারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র৷ এখানে দেখা হয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এস এম মিজানুর রহমানের সঙ্গে৷ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস তাঁর মধ্যে৷ তিনি বলেন, ‘রাতের ঘটনায় উপস্থিতি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলাম৷ কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে৷’