রাতে সৈকতে সুরের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সৈকতের বালুচরে গতকাল সন্ধ্যায় বিচ কার্নিভ্যালের কনসার্টে পর্যটকেরা l ছবি: প্রথম আলো
কক্সবাজার সৈকতের বালুচরে গতকাল সন্ধ্যায় বিচ কার্নিভ্যালের কনসার্টে পর্যটকেরা l ছবি: প্রথম আলো

সুরের মূর্ছনা আর গানের তালে তালে হাজারো পর্যটকের উল্লাসের কাছে যেন হার মানল সাগরের গর্জন। স্বাধীনতা দিবস উদ্যাপনে ফোটানো হয় আতশবাজি। সৈকতের অন্ধকার আকাশ মুহূর্তেই আলো ঝলমল হয়ে ওঠে। কক্সবাজার সমুদ্রসৈকতে গতকাল শনিবার স্বাধীনতা দিবসের আয়োজনে ছিল দেশসেরা ব্যান্ড ও শিল্পীদের জমকালো কনসার্ট।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘সপ্তম ক্লেমন মেগা বিচ কার্নিভ্যাল’-এর সমাপনী দিনে গতকাল সন্ধ্যায় সৈকতের লাবণী পয়েন্টে আয়োজন করা হয় এই কনসার্টের। গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন, শিরোনামহীন ও ইনসাইডইউ। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
সন্ধ্যা ছয়টার দিকে ইনসাইডইউ মঞ্চে ওঠে। গেয়ে শোনায় ‘সব ভালো তুই একা বাসিসনে’, ‘তুমি ক্ষমা করে দিয়ো আমায়।’ এরপর মঞ্চে আসে একে একে ওয়ারফেজ, শিরোনামহীন ও অর্থহীন। রাত সোয়া আটটায় সৈকতের অন্ধকার আকাশে ফোটানো হয় আতশবাজি।
ঢাকার মুগদা থেকে আসা ব্যবসায়ী আবদুল জব্বার বলেন, তিন দিনের ছুটি কাটাতে পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজারে এসেছেন। এবার কনসার্ট থাকায় নেচে-গেয়ে ভালো সময় কেটেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামের নাজমুল হক বলেন, দিনে চৈত্রের কাঠফাটা রোদে বালুচর থেকে যেন আগুন ঝরছিল। রাতে ক্লান্ত পর্যটকের জন্য এই শিল্পীদের গান টনিকের মতো কাজ করেছে।
বিচ কার্নিভ্যালে গতকাল দিনভর সৈকতের বালুচরে ছিল পর্যটকদের জন্য ‘ফান অ্যান্ড গেমস’। এতে ছিল ফায়ার ওয়ার্কস, কালার কমবেট, কিডস অ্যামিউজমেন্ট, ফ্রেশনেস হান্ট, বাস্কেট বল খেলা ইত্যাদি।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক শেখ শামীম উদ্দিন বলেন, বিশ্বের দীর্ঘতম এই সৈকতে গোসল করা ছাড়া পর্যটকের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। পর্যটকদের বিনোদনের পাশাপাশি কক্সবাজার সৈকতকে সারা বিশ্বে পরিচিত করার জন্য সপ্তমবারের মতো বিচ কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। আগামী বছর আরও আকর্ষণীয়ভাবে এই আয়োজন করার ইচ্ছে রয়েছে তাঁদের।