রাতে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত মঙ্গলবার প্রথম সুনামগঞ্জ জেলা শহরে আসেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান৷ দিনভর নানা কর্মসূচিতে যোগ দিয়ে রাত সাড়ে নয়টায় হঠাৎ করেই সদর হাসপাতাল পরিদর্শনে যান তিনি৷ হাসপাতালের সেবার মান ও রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন তিনি৷
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দিনে যেসব কর্মসূচিতে মন্ত্রী অংশ নিয়েছেন, সবখানেই তাঁকে সদর আধুনিক হাসপাতালের সেবার মান উন্নয়ন ও নানা সমস্যার কথা বলেছেন লোকজন৷ রাতে পৌরসভায় সংবর্ধনা অনুষ্ঠানে একইভাবে শহরের বিভিন্ন³শ্রেণী ও পেশার লোকজন মন্ত্রীকে হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান৷
রাত সাড়ে নয়টায় সংবর্ধনা অনুষ্ঠান থেকে বের হয়েই মন্ত্রী হাসপাতালে যান৷ সেখানে প্রথমেই জরুরি বিভাগে ঢুকে অপরিচ্ছন্ন³পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন৷ এরপর তিনি দোতলার সব কটি ওয়ার্ড ঘুরে দেখেন৷ রোগীদের সঙ্গে কথা বলেন৷ সরকারিভাবে সরবরাহ করা খাবারের মান কেমন জানতে চান৷ মন্ত্রী দোতলা থেকে আবার জরুরি বিভাগে গিয়ে দেখেন, অল্প সময়ের মধ্যে ওই কক্ষের সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে৷ এ সময় তিনি কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, ‘আমি যখন প্রথমে এই কক্ষে ঢুকি, তখন অপরিচ্ছন্ন ছিল। দোতলা থেকে নামতে নামতে সবকিছু পরিষ্কার হয়ে গেছে!’
মন্ত্রী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বলেন, ‘আমি নিজে কোনো কাজে অবহেলা করতে চাই না৷ তাই কারও অবহেলা সহ্য করব না৷ আমি মন্ত্রী হিসেবে হুইসেল বাজিয়ে আসব না। আমাকে প্রধানমন্ত্রী কেরানির দায়িত্ব¾ দিয়েছেন৷ আশা করি, এখানে যাঁরা সেবা দিতে এসেছেন, তাঁরাও দায়িত্বে কোনো অবহেলা করবেন না৷’
মন্ত্রী চলে যাওয়ার পর হাসপাতালের ফটকের পাশের এক দোকানি বলেন, ‘এখানে ১৫ বছর ধরে আছি৷ এর আগে এভাবে কোনো মন্ত্রীকে হাসপাতালে আসতে দেখিনি৷ এতে কর্তৃপক্ষ সব সময় সতর্ক থাকবে৷’ হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) এহসানুজ্জামান খান বলেন, ‘মন্ত্রী মহোদয় হাসপাতাল সম্পর্কে খোঁজখবর নিয়েছেন৷ আমরা আমাদের সীমাবদ্ধতার কথাগুলো বলেছি৷’