রাতেও ভাঙছে না ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিড় সামাল দিতে গার্ড থেমে থেমে বাঁশি বাজাচ্ছেন। তবু বেঁধে যাচ্ছে জট। ইফতারের পর এই জট আরও বেড়েছে। ঠেকেছে রাত ১২টায় গিয়ে। ভিড়ে সবচেয়ে বেশি চোখে পড়ছে নারী ও শিশুদের মুখ।
রাজশাহী শহরের আমজনতার বিপণিবিতান বলে পরিচিত আরডিএ মার্কেটের গত শনিবার রাতের চিত্র এটি। সেখানে এখন পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা।
নগরের সবচেয়ে ব্যস্ততম এলাকা সাহেব বাজারে এই বিপণিবিতানে রয়েছে দুই হাজারের বেশি দোকান। সরবরাহ আছে সব ধরনের পণ্যের। ধনী-গরিব সব শ্রেণির ক্রেতার সমাগম ঘটে এ বাজারে।
তৈরি পোশাকের দোকান ‘এক্সপোর্ট লিঙ্ক’র বিক্রয়কর্মী আতিকুর রহমান বলছিলেন, ‘রিকশাওয়ালা থেকে আমির—সবাই আসে এই বাজারে।’ তিনি জানান, রাত আটটা থেকে ১১টা পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে। ১২টার পর ভিড়টা কমে আসে। মার্কেটের ব্যবসায়ীদের হিসাবমতে, প্রতিদিন এখানে লক্ষাধিক মানুষের ভিড় হয়। ঈদ যতই ঘনিয়ে আসছে, ভিড় ততই বাড়ছে।
মার্কেটের গলির ভেতরের ভিড় সামাল দেওয়ার জন্য এক মাসের জন্য ১৪ জন গার্ড নিয়োগ দিয়েছে বাজার কমিটি। গার্ডরা বাঁশি বাজিয়ে সব সময় ভিড় হালকা রাখার চেষ্টা করছেন। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত থাকছে পুলিশ। রাতভর মার্কেটে কেনাকাটা চললেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানালেন পুলিশ সদস্য রফিকুল ইসলাম ও আলিফ আলী।
পণ্যের দাম নিয়ে কিছুটা অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে।
স্কুলশিক্ষক দুলারী খাতুন ছেলেমেয়েদের পোশাকের পাশাপাশি একটা মাইক্রোওয়েভ ওভেনও কিনেছেন। তিনি বলেন, ‘ওভেনটা এবার ঈদের বাজারের অন্তর্ভুক্ত ছিল। এই মার্কেটে সবই পাওয়া যায়। রাতেও সব ধরনের দোকান খোলা থাকে। রাতে ভিড় বাড়লেও রোজার ধকলটা থাকে না। এ জন্যই এসেছি।’
গতকাল রোববার দুপুরে মার্কেটে জাকাতের কাপড় কিনতে এসেছিলেন সাগরপাড়ার বাসিন্দা হোসনে আরা মমতাজ। জানালেন, আগের দিন রাতে কেনাকাটা করেছেন দুই মেয়ের জন্য। এখন একা এসেছেন জাকাতের কাপড় কিনতে।