প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা জারি করেও ইলিশ ধরা বন্ধ করা সম্ভব হচ্ছে না। ইলিশভর্তি ট্রলারগুলো কক্সবাজারের টেকনাফের ফিশারিঘাটে রাতের আঁধারে খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।ফিশারিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ট্রলারে করে শত শত ইলিশ নিয়ে ফিরছে জেলেরা। এ সময় ঘাটজুড়ে ইলিশ ঝুড়িবন্দী করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে দেখা গেছে। স্থানীয় জেলেরা বলেন, এক সপ্তাহ আগে ইলিশ ধরতে সাগরে গিয়েছিলাম কিন্তু ফেরার সময় নিষেধাজ্ঞা থাকায় ইলিশ নিয়ে এখন দিনের বেলায় উপকূলে আসতে পারছি না। সাগরে নোঙর করে থাকায় বরফ শেষ হওয়াই ইলিশে পচন ধরেছে। এ কারণে রাতের আঁধারে ইলিশভর্তি ট্রলারগুলো ঘাটে এনে খালাস করা হচ্ছে। সেন্ট মার্টিনের ট্রলারমালিক আবদুল জলিল বলেন, সরকার ১১ দিনের জন্য মা-ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু যারা নিষেধাজ্ঞার আগে ইলিশ ধরতে গিয়েছিল, তারাও এখন ইলিশ নিয়ে ফিরতে না পারায় সাগরে নোঙর করে থাকায় অধিকাংশ মাছে পচন ধরছে। এতে করে ট্রলারমালিক ও জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।টেকনাফ ও শাহপরীর দ্বীপ ট্রলারমালিক সমিতির সভাপতি মোহামঞ্চদ রফিক কোম্পানি ও মোহামঞ্চদ আয়ুব বলেন, সরকার ইলিশ ধরা বন্ধ করলেও একটি প্রভাবশালী সিন্ডিকেট কম দামে ইলিশ ক্রয় করে রাতের আঁধারে অন্য প্রজাতির মাছের সঙ্গে ঝুড়িবন্দী করে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা সদরে ট্রাকযোগে সরবরাহ করে আসছে।উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোরশেদ বলেন, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন করা থেকে বিরত থাকার জন্য প্রচারণা চালানো হচ্ছে।