রাতের আঁধারে গ্যাস সংযোগের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সংযোগের আবেদন করে গ্যাস না পাওয়ার আশঙ্কায় টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার হিড়িক পড়েছে। সদরের কয়েকটি স্থানে দুই সপ্তাহের ব্যবধানে দুই শতাধিক বাসা-বাড়িতে এ অবৈধ সংযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় বছর খানেক আগের তারিখে গ্যাস-সংযোগের আবেদন করিয়ে ডিমান্ড নোট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসাধু ঠিকাদারেরা হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার।এলাকাবাসীর কয়েকজন জানান, সম্প্রতি সরকার অবৈধ গ্যাস-সংযোগ বৈধ করার ঘোষণা দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে টাঙ্গাইলের তিতাস গ্যাসের কয়েকজন ঠিকাদার মির্জাপুরে এই অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে তাঁরা উপজেলা সদরের পোস্টকামুরী, বাইমহাটি, মির্জাপুর সাহাপাড়া ও বাওয়ার কুমারজানি গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় ১৫ দিনে দুই শতাধিক অবৈধ সংযোগ দিয়েছেন।অবৈধভাবে গ্যাস-সংযোগকারীদের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মির্জাপুরের পোস্টকামুরী গ্রামের আবদুল ওয়াহেদ, শাজাহান মাস্টার ও রিয়াজ উদ্দিন; গাড়াইল গ্রামের টুটুল, শংকর, লোকমান, নাজমুল, রজব আলী ও এয়ার খান; বাওয়ার কুমারজানি রোডের আরজু, নাজমা, সাহাদত, জাকির হোসেন, শাহীন আলম, মজিবরসহ বাইমহাটী ও সাহাপাড়া গ্রামের প্রায় ৭০ জনের বিরুদ্ধে দুই দফায় থানায় লিখিত অভিযোগ করেছে। তবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।সম্প্রতি সাহাপাড়া গ্রামে রাতে অবৈধ গ্যাস-সংযোগের কাজ চলার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক জানান, মুকুল সাহা নামের এক ঠিকাদার তাঁদের এ গ্যাস-সংযোগের ব্যবস্থা করে দিয়েছেন। ওই এলাকায় ২০টি পরিবারের গ্যাস-সংযোগের জন্য পাইপ ও অফিস খরচের জন্য পাঁচ লাখ, রাইজার কেনার জন্য ৫০ হাজার এবং লাইন থেকে প্রতি চুলায় সংযোগ দেওয়ার জন্য দূরত্ব ভেদে প্রতি ফুট বাবদ ৭৫ টাকা হারে ওই ঠিকাদারকে টাকা দেওয়া হয়েছে। অভিযুক্ত ঠিকাদার মুকুল সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।তিতাস গ্যাস টাঙ্গাইলের উপব্যবস্থাপক প্রকৌশলী বরুন কুমার রায় জানান, কেউ যাতে অবৈধ সংযোগ নিতে না পারে, সে জন্য তাঁদের লোকজন তৎপর রয়েছেন। এ ছাড়া পুরোনো তারিখে কোনো আবেদন জমা নেওয়া বা ডিমান্ড নোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।মির্জাপুর থানার এএসআই রফিকুল ইসলাম বলেন, তিতাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানসহ যেকোনো ধরনের সহায়তা চাইলে পুলিশ তা দেবে।