রাতের আঁধারে চলছে সড়কের নির্মাণকাজ

পটুয়াখালীর বাউফল উপজেলার রাতের আঁধারে চলছে কালাইয়া-নওমালা-লোহালিয়া সড়কের নির্মাণকাজ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
গত রোববার রাত আটটার দিকে সরেজমিনে দেখা গেছে, ওই সড়কের খাজুরবাড়িয়া কাঠেরপুল এলাকায় কয়েকজন শ্রমিক যেনতেনভাবে কাজ করছেন। রাতের আঁধারে কেন কাজ করা হচ্ছে, এমন প্রশ্ন করা হলে শ্রমিকেরা বলেন, ঠিকাদারের নির্দেশে তাঁরা কাজ করছেন। তবে ওই সময় কাজের কোনো তদারক কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কাউকে দেখা যায়নি। ঠিকাদারও উপস্থিত ছিলেন না। মুঠোফোনেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর একজন প্রতিনিধি বলেন, নিয়ম অনুযায়ী নির্মাণকাজ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, কার্পেটিংয়ের কাজ দিনের বেলায় করতে হবে। এখানে তা মানা হচ্ছে না। কম দামের ইরানি বিটুমিন দিয়ে কেরোসিন ছাড়াই কোনো রকম প্রাইমকোট করে মরা পাথর দিয়ে নিম্নমানের কার্পেটিং করা হচ্ছে। ঠিকমতো রোলারও দেওয়া হচ্ছে না। ফলে সড়কটি সমতল হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ওই সড়কের নির্মাণকাজ করছে। দরপত্রের মাধ্যমে কাজটি করাচ্ছেন মহিউদ্দিন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
কার্যাদেশের অনুলিপির জন্য গত সোমবার উপজেলা এলজিইডি কার্যালয়ে গিয়ে ওই নির্মাণকাজের তদারক কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাসকে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি।’
উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ‘রাতের বেলায় কাজ করার প্রশ্নই আসে না। সন্ধ্যার আগ পর্যন্ত কাজ হয়েছে। তখন পর্যন্ত কার্যসহকারী মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।’