রাতের আঁধারে জাটকা বিক্রির ২২ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা ধরা বন্ধ রাখার ক্ষতি পুষিয়ে দিতে সরকার জেলেদের চাল দিচ্ছে। এর পরও শরীয়তপুরে থেমে নেই জাটকা নিধন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে এসব বিক্রির জন্য রাতে জেলার ২২টি স্থানে বসানো হচ্ছে অবৈধ বাজার। স্থানীয় সূত্রে জানা গেছে, এ বাজারগুলো স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করেন। তাঁরা জেলেদের দাদনের টাকা দিয়ে জাটকা ধরতে বাধ্য করছেন। এ ছাড়া সরকারের দেওয়া পুনর্বাসন সহায়তা অপর্যাপ্ত হওয়ায় জেলেরা সংসারের খরচ জোগাতে অনেক সময় নিরুপায় হয়ে জাটকা ধরছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা থেকে কুচাইপট্টি পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতীরের ১২০ কিলোমিটার এলাকায় ২২টি স্থানে জাটকার বাজার বসে। ওই স্থানগুলো হচ্ছে নড়িয়া উপজেলার ওয়াপদা, চণ্ডীপুর, সুরেশ্বর, চরআত্রা, নওপাড়া; জাজিরা উপজেলার পালের চর, নাওডোবা, মঙ্গলমাঝি ফেরিঘাট, কাইজার চর, ভেদরগঞ্জ উপজেলার দুলার চর, কাচিকাটা, তারাবুনিয়া, স্টেশন বাজার, চরভাগা, আলুর বাজার, বালার বাজার; গোসাইরহাট উপজেলার জালালপুর, মাঝের চর, চরজানপুর, কুচাইপট্টি, কোদালপুর ও পট্টিঘাট। প্রতিদিন এ বাজারগুলোতে ৫০ থেকে ৭০ টন জাটকা বিক্রি করা হয়। শরীয়তপুর জেলা মৎস্য কার্যালয় সূত্র জানা গেছে, ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও পরিবহন নিষিদ্ধ। এ বছর জেলার পাঁচটি উপজেলায় নয় হাজার ১৬৯টি পরিবারকে পুনর্বাসন সহায়তা দিচ্ছে সরকার। প্রতি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। জেলায় এক হাজার ১২০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত পুনর্বাসন কার্যক্রম চলবে। সরেজমিনে কয়েক দিন আগে সুরেশ্বর, ওয়াপদা, স্টেশন বাজার, নরসিংপুর ও চর জালালপুর গিয়ে জাটকার বাজার দেখা গেছে। এসব বাজারে জাটকার পাশাপাশি অন্য প্রজাতির মাছও বিক্রি করা হয়। মাছ ব্যবসায়ীরা এখান থেকে জাটকা কিনে মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, নড়াইল জেলায় বিক্রি করেন। রাতেই পিকআপযোগে এ জাটকা নিয়ে যাওয়া হয়। স্টেশন বাজারে জাটকা বিক্রি করতে আসা জেলে বশিরুল ইসলাম বলেন, ‘আমরা গরিব মানুষ, নদীতে মাছ ধরে সংসারের খরচ জোগায়। পুনর্বাসনের কোনো চাল আমি পাইনি। জীবন বাঁচাতেই নিষিদ্ধ থাকার পরেও জাটকা ধরি।’ চরজালালপুর গ্রামের জেলে শওকত হোসেন বলেন, ‘জাটকা ধরা সাত মাস নিষিদ্ধ। আমাদের ৩০ কেজি করে চাল দেওয়া হয় চার মাস। এ সহায়তায় আমাদের প্রয়োজনের ২০ ভাগও হয় না।’ তারাবুনিয়া গ্রামের জেলে ইউসুফ আলী বলেন, ‘টাকা না থাকায় জাল ও নৌকা কেনার জন্য আড়ত মালিকের কাছ থেকে মাসিক আট টাকা সুদে দাদনে টাকা নিয়েছি। দাদনের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত প্রতিদিন তাদের মাছ শিকার করে দিতে হবে। জাল ও নৌকা হারানোর ভয়ে তাই বাধ্য হয়েই জাটকা শিকার করি।’ চরজালালপুরের মাছ ব্যবসায়ী (আড়ত মালিক) মোবারক মিয়া বলেন, ‘পুলিশের ভয়ে গভীর রাতে জাটকা বিক্রি করা হয়। এখন ইলিশের দাম বেশি হওয়ায় জেলেরাও আইন অমান্য করে মাছ ধরছে। দরিদ্র জেলেরা টাকার অভাবে নৌকা ও জাল কিনতে পারে না। তখন তাদের এগুলো কেনার জন্য টাকা দিয়ে (দাদন) সহায়তা করি।’জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বিভিন্ন হাটবাজারে জাটকা বিক্রি বন্ধে অভিযান চালানো হচ্ছে। জেলেদের পুনর্বাসনের পাশাপাশি জাটকা আহরণ না করার জন্য উদ্বুদ্ধ করছি।’ পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘শরীয়তপুরে একটি মাত্র নৌ পুলিশ ফাঁড়ি আছে। জনবল কম থাকায় ও প্রয়োজনীয় নৌযান না থাকায় আমরা নদীতে অভিযান পরিচালনা করতে পারি না। এ সুযোগে জেলেরা মাছ ব্যবসায়ীদের সহায়তায় নদী থেকে জাটকা ধরছে।’