রাতের আঁধারে তিনটি শতবর্ষী গাছ উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের কেন্দ্রস্থল ট্রাংক রোড থেকে কয়েক দিন আগে রাতের আঁধারে তিনটি শতবর্ষী মেহগনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।সরেজমিন পরিদর্শন করে ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে শহরের কেন্দ্রস্থল ফেনী প্রেসক্লাবের সামনে পুরোনো গ্র্যান্ড ট্রাংক রোডের পাশের একটি শতবর্ষী মেহগনি গাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে গোড়াসহ কেটে নিয়ে যায়। এর দুই দিন পর একই সড়কের রাজবাড়ী গেটের দ্বীপ্তি ফার্মেসির সামনে থেকে একই কায়দায় অপর একটি শতবর্ষী মেহগনি গাছ কেটে নেওয়া হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানা থেকে মাত্র ১০০ গজ দূরে একই সড়কের মুক্তবাজার এলাকা থেকে আরও একটি গাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে কেটে নিয়ে যায়। পর পর তিনটি গাছ চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শতবর্ষী মূল্যবান এই গাছগুলোর মালিকানা জেলা পরিষদ ও সড়ক বিভাগের। এ ব্যাপারে গত সোমবার ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি গাছ চুরির বিষয়ে কিছুই জানেন না বলে জানান।সড়ক ও জনপথ (সওজ) ফেনীর নির্বাহী প্রকৌশলী বলেন, ওই সড়কে সারা রাত যানবাহন চলাচল করে। তার পরও সেখান থেকে রাতের আঁধারে গাছ চুরির ঘটনায় তিনি বিস্মিত। এ ঘটনায় তিনি ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত মঙ্গলবার ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মায়নুল আবসার বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বিষয়টির খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।