পাঁচ শতাধিক শ্রমিক নিয়ে রাতের আঁধারে চট্টগ্রামের আনোয়ারার বন্দর এলাকায় বন বিভাগের ২৫ একর জমি দখল করে সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া দিয়েছিল ‘ইন্টারবাল্ক ওভারসিস এসএ বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা প্রাচীর তুলে ওই মূল্যবান জায়গা দখলমুক্ত করেন। গত শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে গত শনিবার বেলা ১০টা পর্যন্ত এই উদ্ধার অভিযান চলে। এ নিয়ে শনিবার কর্ণফুলী থানায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পুলিশ ও বন বিভাগ সূত্র জানায়, কর্ণফুলী নদীর দক্ষিণ তীরসংলগ্ন মাঝেরচর এলাকায় গত শুক্রবার রাতে শত শত লোক গিয়ে সীমানা পিলার ও কাঁটাতার টেনে বন বিভাগের জায়গা দখল শুরু করে। খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশে বন বিভাগের লোকজন প্রহরী ও অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকায় গেলে দখলদারেরা পালিয়ে যায়। উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা মো. মোকতারুজ্জামান বলেন, নদীপারের ২৫ একর জায়গার বর্তমান মূল্য প্রায় ৫০ কোটি টাকা। একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে জায়গাটি দখল করার চেষ্টা করেছিল। বন বিভাগ সূত্রে জানা গেছে, দখলের পর শুক্রবার সকালে পুলিশের সাহায্য চাওয়া হয়। কিন্তু আনোয়ারা থানার পুলিশ বন বিভাগকে সহযোগিতা করেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন বিভাগের প্রহরীরা এ জমি উদ্ধার করেন।জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘বন বিভাগের অভিযোগ সঠিক নয়। খবর পাওয়ার পরপরই থানা ও ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে জমি দখলদারদের বাধা দিয়ে বন বিভাগের জায়গা দখলমুক্ত করতে সাহায্য করেছে।’ ওসি বলেন, নদীসংলগ্ন কিছু এলাকা জোয়ারে ডুবে যায়, ভাটায় জেগে ওঠে। এই জায়গাটির প্রতি কিছু বিত্তবান লোকের নজর পড়েছে। তারাই রাতের আঁধারে ভূমি দখলের চেষ্টা চালায়।থানা সূত্রে জানা গেছে, বন বিভাগের মামলায় ইন্টারবাল্ক ওভারসিস এসএ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আজিজুর রহমান, পরিচালক ইকবাল আহমেদসহ ১৩ জনের নাম উল্লেখসহ মোট ৬০০ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ দখল, সরকারি কাজে বাধাদান ও কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন এবং পরিবেশ বিনষ্টের অভিযোগ আনা হয়। ইকবাল আহমেদ আইডিয়াল হোমস নামের একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।