রাতের আঁধারে সড়কজুড়ে বিলবোর্ড, ঝুঁকিতে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতের আঁধারে বরিশাল নগরের হাসপাতাল রোডে স্থাপন করা বিলবোর্ড l ছবি: প্রথম আলো
রাতের আঁধারে বরিশাল নগরের হাসপাতাল রোডে স্থাপন করা বিলবোর্ড l ছবি: প্রথম আলো

বরিশাল নগরে ঝুঁকিপূর্ণভাবে তিনটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে, তা-ও রাতের আঁধারে। খুঁটি ফুটপাতে হলেও বিলবোর্ডগুলোর প্যানেল পুরোটাই সড়কের ওপর। সিটি মেয়র বলছেন, এগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
নগরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা মো. মনির হোসেন বলেন, গত শনিবার গভীর রাতে অনেক শ্রমিক মিলে বিলবোর্ডটি স্থাপন করে গেছে। কে বা কারা এগুলো স্থাপন করেছে, তা তিনি জানেন না। ওই রাতেই বাকি দুটি বিলবোর্ডও স্থাপন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, নগরের সদর রোড জিলা স্কুলের সামনে, জেনারেল হাসপাতালের সামনে এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিশাল আকারের বিলবোর্ড তিনটি স্থাপন করা হয়েছে। বিলবোর্ডগুলোর খুঁটি সড়কের পাশে ফুটপাতে স্থাপন করা হয়েছে। কিন্তু বিলবোর্ডের প্যানেল এসে পড়েছে সড়কের ওপর।
সিটি করপোরেশনের বিজ্ঞাপন শাখা জানায়, আটটি বিলবোর্ড স্থাপনের জন্য মামণি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ২১টি বিলবোর্ড স্থাপনের আবেদন দিয়েছে অন্য একটি প্রতিষ্ঠান। সেগুলো অনুমোদনের অপেক্ষায় আছে।
বরিশাল সিটি করপোরেশনের বিজ্ঞাপন শাখার সহকারী মো. মাহবুব হোসেন বলেন, মামণি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নগরের বিভিন্ন স্থানে আটটি বিলবোর্ড স্থাপনের জন্য আবেদন করে। এক মাস আগে সিটি করপোরেশন ওই বিলবোর্ড স্থাপনের অনুমতি দেয়। এর ভিত্তিতে তিনটি স্থাপন করা হয়েছে। তবে বিলবোর্ডগুলো যেভাবে করার কথা, সেভাবে করা হয়নি।
সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, রাতের আঁধারে একদল লোক নগরে ঝুঁকিপূর্ণ ওই বিলবোর্ড স্থাপন করে। কোনো অনুমতি দেওয়া হয়নি। বিলবোর্ডগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল নগরের বাসিন্দা এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, সড়কজুড়ে বিশাল আকারের বিলবোর্ড স্থাপন করায় নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। অন্যদিকে ঝুঁকিপূর্ণ এই বিলবোর্ডের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।