রাতের আঁধারে সরানো হচ্ছে যন্ত্র ও মালামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় অবস্থিত কোকিল সুতাকলের ভারী যন্ত্র ও অন্যান্য মালামাল রাতের আঁধারে পুলিশের প্রহরায় সরিয়ে নেওয়া হচ্ছে৷ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি ২০০১ সালে কিনে নেন ফারুক হোসেন নামের এক ব্যক্তি৷ শর্তানুযায়ী ক্রেতা কারখানার মালামাল বিক্রি করতে পারেন না৷
কোকিল সুতাকল সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে এনাম পারুমা কোম্পানি শহরের মেড্ডা এলাকার ১১ দশমিক ৮ একর জায়গার ওপর মিলটি চালু করে৷ স্বাধীনতার পর এটি রাষ্ট্রীয়করণ করা হয়৷ ১৭ হাজার ৭২৮টি মাকুসমৃদ্ধ এই মিলের বার্ষিক উৎপাদনক্ষমতা ছিল ১১ দশমিক ৭৮ লাখ টন সুতা৷ সর্বোচ্চ উৎপাদনের জন্য ১৯৮৭ সালে মিলটি পুরস্কার পায়৷ সাত শতাধিক শ্রমিক-কর্মচারী মিলটিতে কর্মরত ছিলেন৷ ১৯৯৮ সালে লোকসানের মুখে মিলটি বন্ধ হয়ে যায়৷ ২০০১ সালের ১২ নভেম্বর দরপত্রের মাধ্যমে মিলটিকে জনৈক ফারুক হোসেন বেপারীর কাছে বিক্রি করে দেওয়া হয়৷
সূত্র জানায়, মিলের যন্ত্র ও জায়গার দাম প্রায় কয়েক শ কোটি টাকা হলেও ফারুক বেপারীর কাছে তা বিক্রি করা হয় নগদ তিন কোটি টাকা এবং পাঁচ বছরের মধ্যে মিলের দীর্ঘমেয়ািদ ঋণ প্রায় ১১ কোটি টাকা পরিশোধের শর্তে৷ মালিকানা হস্তান্তরের পর এখানে শিল্পকারখানা ছাড়া অন্য কিছু না করার শর্ত দেওয়া হয়েছিল৷ কিন্তু এসব শর্ত লঙ্ঘন করে প্রথম থেকেই কারখানার মালামাল সরিয়ে নেওয়া শুরু হয়৷ আর কারখানা নামমাত্র চালু থাকে৷ তবে চার মাস ধরে কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, মিলটির মালিকানা বুঝে পাওয়ার পরই এর বিভিন্ন স্থাপনা ও গাছপালা বিক্রি শুরু করে নতুন কর্তৃপক্ষ৷ গত ২৩ এপ্রিল রাতে ছয়টি ট্রাকে ভরে কারখানার মালামাল সরিয়ে নেওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তা আটক করে৷
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, কারখানার বিভিন্ন তলার ভারী যন্ত্রপাতি রাতের আঁধারে তুলে এগুলোকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়৷ এ সময় সেখানে পুলিশের প্রহরা রাখা হয়৷ এলাকার লোকজন বাধা দিলেও পদস্থ পুলিশ কর্মকর্তাদের তৎপরতায় তাঁরা বাধা সরিয়ে নিতে বাধ্য হন৷ মালামাল নিতে আসা ট্রাকচালকেরা জানান, তাঁদের ঢাকা ও ভৈরবের ভাঙারি ব্যবসায়ীরা পাঠিয়েছেন৷
কারখানার ব্যবস্থাপক কফিল উদ্দিন বলেন, কারখানাটি চালু করার জন্য যন্ত্রপাতি এদিক-ওদিক করা হচ্ছে৷ যেগুলো বিক্রি করা হচ্ছে, সেগুলো উচ্ছিষ্ট যন্ত্রাংশ৷
মেড্ডা এলাকার বাসিন্দা জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, এখানে সুতা তৈরি না করে রাতের অন্ধকারে সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে৷
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘কোকিলের সম্পদ লুট হয়ে থাকলে স্থানীয় প্রশাসনকে তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলব৷ পাশাপাশি প্রাইভেটাইজেশন বোর্ডের সঙ্গে এ নিয়ে বলব৷’
সুতাকলের মালিক ফারুক হোসেন দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মালামাল সরানোর সময় এলাকাবাসী বাধা দিলে মিলের লোকজন পুলিশকে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে গেলেও এলাকাবাসী কোনো সুনির্দিষ্ট অভিযোগের কথা বলতে পারেননি৷ ব্যক্তিমালিকানাধীন হওয়ায় মালামাল সরানোর সময় পুলিশের প্রহরা ছিল৷