রাতের আঁধারে সাবাড় হচ্ছে সড়কের গাছ
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার থেকে কুয়াবাসী পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ সড়কের পাশ থেকে সরকারি গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। গত সাত থেকে আট মাসে দেড় শতাধিক মূল্যবান গাছ কাটা হলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
সড়ক ও জনপথ বিভাগের দাবি, তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এদিকে পুলিশ বলছে, তারা কিছুই জানে না।
উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, এলজিইডির তত্ত্বাবধানে ওই সড়কে গত ১০ বছরে প্রায় এক হাজার ২০০ বাবলা, মেহগনি ও ইউক্যালিপটাস গাছ লাগানো হয়। এ ছাড়া পুরোনো কিছু বৃক্ষও ছিল।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কটির শাহাপুর থেকে ক্ষতবাড়ী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় কোনো বাড়িঘর নেই। এখানে সড়কের পাশের বেশ কিছু মেহগনি ও ইউক্যালিপটাস গাছের গোড়াসহ উপড়ে নেওয়া হয়েছে। আবার কেটে নেওয়ার পর কিছু গাছের গোড়া চুরির সাক্ষী হয়ে রয়ে গেছে।
সংলগ্ন আটলঙ্কা গ্রামের আবদুল মান্নান জানান, সন্ধ্যা নামলে সড়কটিতে যান চলাচল কমে যায়। এই সুযোগটিই কাজে লাগায় গাছচোরেরা। তিনি আরও জানান, গত সাত থেকে আট মাসে দেড় শতাধিক গাছ চুরি গেছে। এগুলোর প্রতিটির দাম ২০ থেকে ২৫ হাজার টাকা হবে। তবে এ বিষয়ে কেউ কোনো খোঁজখবর নেয়নি। সড়কসংলগ্ন শাহাপুর গ্রামের আবদুল হামিদ বলেন, ‘রাতের অন্ধকারে গাছ কাটলিও কিডা কাটে, তা সগলেই জানে। কিন্তু ভয়ে কেউ কিছু কবিনানে। মুখ খুললি খুনখারাপি হয়া যাবের পারে।’
মূলগ্রাম ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘এলাকাবাসীর মতোই নিরাপত্তাহীনতার কারণে আমরা গাছচোরদের নাম বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, এর সঙ্গে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিও জড়িত।’
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম দাবি করেন, ‘যতবার গাছ চুরি হয়েছে, আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। এ ছাড়া নিজেরাও তদন্ত চালাচ্ছি।’
তবে থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, ‘আমি প্রায় আট মাস ধরে চাটমোহরে দায়িত্ব পালন করলেও এলজিইডির পক্ষ থেকে গাছ চুরির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তাই এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’