রাতের আঁধারে সড়কের গাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-মাগুরা সড়কের যশোর সদর উপজেলার বাহাদুরপুর মান্দারতলা থেকে পাঁচবাড়িয়া আমতলা পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করা হচ্ছে। পুলিশের সহযোগিতায় দুর্বৃত্তরা প্রতি রাতেই এসব গাছ কেটে নিচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। তিন মাস ধরে এসব গাছ নিধন চললেও সংশ্লিষ্ট বিভাগের কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে হাতে গোনা কয়েকটি শিশু ও রেইনট্রি। পড়ে রয়েছে করাত দিয়ে কাটা অগণিত গাছের গোড়া। বাহাদুরপুর গ্রামের ইদ্রিস আলী বলেন, তিন-চার মাস ধরে প্রতি রাতেই সরকারি গাছ নিধন করা হচ্ছে। ধানখেতে ছায়া পড়ে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কায় জমির মালিকদের কেউ কেউ সন্ত্রাসী দিয়ে রাতে গাছ কাটাচ্ছেন। রাতে করাত দিয়ে গাছের গোড়া অর্ধেক মতো কেটে দিয়ে আসেন। কিছুদিন পর গাছ মরে বাতাসে ভেঙে পড়লে জমির মালিক, সন্ত্রাসী ও পুলিশ তা নিয়ে যায়। কৃষিশ্রমিক আমিনুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত করাত দিয়ে রাত দুই-তিনটার দিকে কে বা কারা গাছ কাটে। পাশে পুলিশ দাঁড়িয়ে থাকে। গাছ পড়ার আগে সাইরেন বাজিয়ে পুলিশ চলে যায়। পুলিশ সকালে এসে পড়ে থাকা গাছের গুঁড়ি গাড়িতে করে নিয়ে যায়। অভিযোগ অস্বীকার করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, ‘পুলিশ তো আর কাঠের ব্যবসা করে না। কাঠ দিয়ে পুলিশ কী করবে? শুনেছি, কারা যেন গাছ কাটে। কিন্তু এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।’এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘গাছের গোড়া আমি দেখে এসেছি। কিন্তু গাছগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের, তাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না।’ সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘১০ শতাংশ অংশীদারির ভিত্তিতে আমরা বন বিভাগের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে ওই জায়গা ছেড়ে দিয়েছি। যে কারণে আমরা সরাসরি ওই গাছের নিয়ন্ত্রণ করি না।’ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেন, ‘এসব গাছের মনিটরিং বা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কোনো বাজেট নেই। গাছ কাটার অভিযোগ এলে রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাছের গোড়া গুনে থানায় একটি মামলা করেন। যশোর-মাগুরা সড়কের গাছ কাটার অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’