রাতের আঁধারে ৬০টি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আঁধারে একটি বাগানের ৬০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আশরাফুল আলম নামের এক কলেজছাত্র সঞ্চয়ের টাকা দিয়ে গড়ে তোলে বাগানটি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার আকুবপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।প্রায় এক মাস আগে ওই বাগানের ৩৬০টি গাছ একইভাবে দুর্বৃত্তরা কেটে ফেলে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আকুবপুর গ্রামে মাহফুজুল ইসলামের ছেলে কলেজছাত্র আশরাফুল আলম ২০১১ সালে পৈতৃক জমিতে গাছের বাগান তৈরি করেন। ওই বাগান এবং বাড়ির চারদিকে আকাশমণিসহ বনজ ও ফলজ জাতের ৪২০টি চারা রোপণ করেন। গত ৩১ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ৩৬০টি গাছ মাঝ বরাবর কেটে দেয়। গত মঙ্গলবার রাতেও বাগান ও চারপাশের ৬০টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে গাছগুলো কাটা অবস্থায় পাওয়া যায়।আশরাফুল প্রথম আলোকে বলেন, ২০১১ সালে এসএসসি পরীক্ষার সময় স্বজনদের দেওয়া টাকা থেকে তিনি এ বাগান করেন। আশরাফুলের বাবা মো. মাহফুজুল ইসলাম জানান, তাঁদের মালিকানাধীন আকুবপুর মৌজার ২৩২ দাগের জমিতে ৪২০টি গাছের চারা রোপণ করা হয়। শত্রুতাবশত ৩১ জানুয়ারি রাতে ৩৬০টি এবং গত মঙ্গলবার রাতে ৬০টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় আগেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।কসবা থানার পরিদর্শক মো. মোরশেদ পারভেজ তালুকদার বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। কেউ পূর্ববিরোধের জের ধরে গাছগুলো কেটে ফেলেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।