রাতের আড্ডায় ‘সঙ্গী’দের ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত প্রায় সাড়ে ১১টায় সিলেট-তামাবিল সড়কের পাশে বসে ‘সঙ্গী’ কয়েকজন যুবকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কাবুল আহমদ (২২)। হঠাৎ তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষে তর্কাতর্কির একপর্যায়ে কাবুলের গলায় ছুরি দিয়ে আঘাত করে চলে যায় এক পক্ষ। গুরুতর আহত অবস্থায় কাবুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গত বুধবার রাতে সিলেট শহরতলির শাহপরান থানার দাসপাড়া এলাকার সিলেট-তামাবিল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে অভিযান চালিয়ে শামীম (২২) নামের নিহত কাবুলের সঙ্গীদের একজনকে আটক করেছে। শামীমের দেওয়া প্রাথমিক স্বীকারোক্তি থেকে পুলিশ সঙ্গীদের ছুরিকাঘাতে কাবুল খুনের বিষয়ে নিশ্চিত হয়েছে।পুলিশ জানায়, শাহপরান এলাকার দত্তপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে কাবুল বাড়িতে তাঁর বাবার মুদি দোকানের ব্যবসা করতেন। এ ব্যবসা সূত্রে আশপাশ এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তাঁর চলাফেরা। রাতের বেলা প্রায়ই তাঁরা সিলেট-তামাবিল সড়কের দাসপাড়ায় বসে অড্ডা দিতেন। বুধবার রাত সাড়ে ১০টায় কাবুল বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১১টায় তামাবিল সড়কের পাশে একটি ফার্মেসির সামনে বসে দিনার, শামীম, লিটন ও লুৎফুরের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কাবুল। আধা ঘণ্টা পরই কাবুলের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন, তাঁর গলা দিয়ে রক্ত ঝরছে। দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই কাবুল মারা যান।সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার প্রথম আলোকে জানান, নিহত কাবুলের সঙ্গী হিসেবে পুলিশ দিনার, শামীম, লিটন ও লুৎফুরের নাম পেয়েছে। এরা এলাকায় বিভিন্ন ছিনতাই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। শাহপরান থানায় তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। তাদের সঙ্গে রাতে প্রায়ই আড্ডায় যোগ দিতেন কাবুল। ছুরিকাঘাতের ঘটনা কেন ঘটেছে—পুলিশ খতিয়ে দেখছে।কাবুলের পরিবার সূত্র জানায়, গতকাল দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে কাবুলের মরদেহ পরিবারের জিমঞ্চায় দেওয়া হয়েছে। পাঁচ বোন ও দুই ভাইয়ের পরিবারে কাবুল দ্বিতীয়। প্রয়াত বাবার মুদি দোকানে কাবুল বসতেন। প্রতিপক্ষের হামলায় আহত স্কুলছাত্র মারা গেছে: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরের স্কুলছাত্র ফখরুল ইসলাম (১৫) গত সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় আহত হয়। গত বুধবার ফখরুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিশ্বনাথ উপজেলার নাজিরবাজার জাগরণ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফখরুলকে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশীদের একটি পক্ষ মারধর করলে গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।