রাতের খাবার খাওয়ার পর এক পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গত শনিবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চালা শাহবাজপুর গ্রামের কৃষক মুসা আলী (৫০), তাঁর স্ত্রী সোনেকা বেগম (৪০) ও তাঁদের একমাত্র ছেলে স্থানীয় জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সুমন (১৪) ওই দিন রাত নয়টার দিকে রাতের খাবার খাওয়ার পর ঘুমাতে যায়। রাত সাড়ে নয়টার দিকে তিনজনের বমি ও পেটের পীড়া শুরু হয়। গুরুতর অবস্থায় মুসা ও সুমনকে রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোনেকাকে কড্ডা মোড়ের স্থানীয় ইস্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তাঁরও মৃত্যু হয়।আভিসিনা হাসপাতালের চিকিৎসক মোছাদ্দেক হোসেন জানান, রাতে তাঁরা ব্রয়লার মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই মাংসের মধ্যে বিষযুক্ত কিছু ছিল। এ কারণে তাঁদের মৃত্যু হয়েছে।ওই গ্রামের বাসিন্দা খলিলুর রহমান জানান, প্রথমে তাঁরা তিনজন অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা জানার পর তাঁদের হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, খাদ্যে বিষক্রিয়ায় ওই তিনজন মারা গেছেন। তবে কী ধরনের বিষক্রিয়ায় মারা গেছে, ময়নাতদন্ত করলে তা বের হয়ে আসত। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও স্থানীয় নেতাদের সুপারিশ থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তিনটি দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।