পণ্যবাহী জাহাজের জট কমাতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে অন্যতম হচ্ছে রাতে জোয়ারের সময় পুরোদমে বন্দর চ্যানেলে (বহির্নোঙর থেকে বন্দরের জেটি পর্যন্ত ১৬ কিলোমিটার নৌপথ) জাহাজ চলাচল চালু রাখা। এ ছাড়া কর্ণফুলী নদীর ওপারে চট্টগ্রামের আনোয়ারায় সার ওঠানো-নামানোর জন্য ব্যবহার করা দুটি জেটিতে পণ্যবাহী জাহাজ ভেড়ানোর বিষয়টিও যাচাই করে দেখার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর ভবনে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং কনটেইনার ওঠানো-নামানোয় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বন্দর চেয়ারম্যানের টানা সাড়ে চার ঘণ্টাব্যাপী বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
টানা দুই মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে তীব্র জাহাজজটের কারণে ব্যবসায়ীরা সময়মতো পণ্য হাতে পাচ্ছেন না। গতকালও কনটেইনারবাহী ১১টি জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। এ ছাড়া কনটেইনারবিহীন পণ্যবাহী আরও ১০টি জাহাজ জেটিতে ভেড়ানোর অপেক্ষায় ছিল। এসব জাহাজে পাথর, গম, পুরোনো লোহা ইত্যাদি পণ্য রয়েছে।
গত মঙ্গলবার প্রথম আলোয় ‘তীব্র জাহাজজটে বেহাল বন্দর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের দীর্ঘ সময়ের অপেক্ষা এবং জাহাজজটের কারণে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে নৌমন্ত্রী ও বন্দর কর্মকর্তাদের জরুরি বৈঠক হয়।
বৈঠকে বন্দরে জাহাজজট ও পণ্য খালাসে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বন্দর কর্তৃপক্ষকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এসব সমস্যা সমাধানের দাবি জানান। অন্যথায় তাঁরা সরকারের সর্বোচ্চ মহলে বিষয়টি তুলে ধরার ইঙ্গিত দেন। এর ধারাবাহিকতায় গতকাল শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি জরুরি বৈঠক ডেকেছে।
জাহাজজট কমানোর লক্ষ্যে ৩১ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক ডাকা হয়েছে বলে গতকাল রাতে প্রথম আলোকে জানান নৌপরিবহনসচিব অশোক মাধব রায়। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাহাজজট কমাতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নতুন ক্রেন কেনা হয়েছে, আরও তিনটি নতুন ক্রেন আসবে। সংসদীয় কমিটির বৃহস্পতিবারের (আজ) বৈঠকে বন্দর নিয়ে আলোচনা হবে।
বন্দর সূত্র জানায়, দুটি ক্রেন অচল হয়ে পড়ায় বন্দরের একটি জেটিতে রোজার ঈদের আগের দিন বিকেল থেকে সমুদ্রগামী কনটেইনারবাহীজাহাজ ভেড়ানো যাচ্ছে না। দ্রুত ক্রেন দুটি সরিয়ে এই জেটিতে ক্রেনযুক্ত জাহাজ ভেড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগে সর্বোচ্চ ১৭০ মিটার দীর্ঘ জাহাজ রাতে জেটিতে ভিড়তে পারত। এখন ১৭৫ মিটার দীর্ঘ জাহাজও রাতের জোয়ারে জেটিতে ভেড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
গতকালের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বন্দর চত্বরে ৩০ দিনের বেশি সময় ধরে পড়ে থাকা সাড়ে তিন হাজার কনটেইনার (নিলামযোগ্য) সরিয়ে পতেঙ্গায় নবনির্মিত সাউথ কনটেইনার ইয়ার্ডে স্থানান্তর করা হবে। এতে যে জায়গা খালি হবে, সেখানে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার রাখা হবে। বন্দরের দুটি টার্মিনালে জট কমাতে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল-২ কনটেইনার আনা-নেওয়ার জন্য খুলে দেওয়া হবে। জাহাজজট কমাতে কনটেইনার ওঠানো-নামানোর জন্য দুটি মোবাইল হারবার ক্রেন ভাড়ায় সংগ্রহ করারও সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরওয়ার বন্দরে জাহাজজট কমাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, বন্দরে জরুরি ভিত্তিতে কনটেইনার ওঠানো-নামানোর জন্য যন্ত্রপাতি কেনা দরকার। যেসব যন্ত্র আছে সেগুলোও প্রায় খারাপ থাকে। নতুন যন্ত্র যোগ হওয়ার আগে যন্ত্রপাতি ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, কনটেইনার জট নিরসনে গত জুন মাসের প্রথম সপ্তাহে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেন তাঁরা। তখন বৈঠকটি হলে অনেকগুলো সমস্যার সমাধান হতো।
বৈঠক সূত্র জানায়, বন্দরের পরিচালন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি ছাড়া অন্য ছুটি নিতে নিষেধ করা হয়েছে। আবার রপ্তানি পণ্য জাহাজীকরণের সময়সীমা কঠোরভাবে বাস্তবায়ন করার কথা জানান।
বৈঠক শেষে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রথম আলোকে বলেন, যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। এতে আগামী দুই সপ্তাহের মধ্যে জাহাজজট কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।