রাতের ট্রেন আসে পরদিন বিকেলে

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা থেকে ঢাকাগামী তিনটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১০ থেকে ১৩ ঘণ্টা দেরিতে স্টেশনে পৌঁছাচ্ছে। এতে ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেনযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানা নেই কর্তৃপক্ষের।
আজ সোমবার দুপুরে ওই রেলস্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ও আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। তাঁরা জানান, দুটি ট্রেনই গতকাল রোববার রাতে স্টেশনে পৌঁছানোর কথা। সেটি ভেবেই রাতে তাঁরা ট্রেন ধরতে গিয়েছিলেন। স্টেশন মাস্টারের কার্যালয়ে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, ওই দুটি ট্রেন বিকেল নাগাদ স্টেশনে পৌঁছাবে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী ফজলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে এখন তো হরতাল-অবরোধের মতোই কিছুই কর্মসূচি নেই। অথচ আগেই মতোই ট্রেনের সময়সূচির বিপর্যয় কেন? রেলমন্ত্রীর চোখে কি এটি পড়ে না।
আরেক যাত্রী শফিকুর রহমান বলেন, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ট্রেনের অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে গেছি। ধীরে ধীরে পকেটেরও টাকা শেষ হয়ে যাচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, আক্কেলপুর থেকে ঢাকাসহ তিনটি রুটে (আপ-ডাউন) মোট ১৮টি ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকাগামী (আপ-ডাউন) ছয়টি, খুলনাগামী (আপ-ডাউন) ছয়টি, রাজশাহীগামী (আপ-ডাউন) ছয়টি ট্রেন নিয়মিত চলাচল করে। স্টেশনে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস সকাল ১০টা ৪০ মিনিটে, আন্তনগর একতা এক্সপ্রেস রাত ১২টা ১৮ মিনেটে, আন্তনগর নীলসাগর এক্সপ্রেস রাত একটা ২৪ মিনিটে পৌঁছানোর কথা। এ ছাড়া খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস সকাল ১০টা ১৭ মিনিট, আন্তনগর সীমান্ত এক্সপ্রেস রাত নয়টা ১৪ মিনিট, রকেট মেইল দুপুর ১২টা পাঁচ মিনিটে ও রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস সকাল নয়টা ২৬ মিনিট, আন্তনগর তিতুমীর এক্সপ্রেস সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিট এবং উত্তরা মেইল ট্রেনটি ভোর পাঁচটা ২৫ মিনিটে পৌঁছানোর সময় নির্ধারিত আছে।
আক্কেলপুর স্টেশনের ট্রেন চলাচলের রেজিস্ট্রার খাতায় দেখা গেছে, গতকাল আন্তনগর একতা এক্সপ্রেস বেলা একটা ৩৫ মিনিটে, আন্তনগর নীলসাগর এক্সপ্রেস বেলা দুইটা ১০ মিনিটে, আন্তনগর রূপসা এক্সপ্রেস বেলা দুইটা ৫০ মিনিটে, রকেট মেইল বেলা তিনটা ৫৬ মিনিটে, দ্রুতযান সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে, আন্তনগর তিতুমীর এক্সপ্রেস সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে পৌঁছেছে।
এ ব্যাপারে স্টেশন মাস্টার খাদিজা খাতুন ‘প্রথম আলো’কে বলেন, ঢাকাগামী ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে এখানে পৌঁছাচ্ছে। অন্য ট্রেনগুলোও দেরি আসছে। তবে ঢাকাগামীর মতো নয়। হরতাল-অবরোধের সময় থেকে ট্রেনের এই অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান। কী কারণে এমনটা হচ্ছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শফিকুর রহমান মুঠোফোনে ‘প্রথম আলো’কে বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর তাঁর জানা নেই। দেরিতে আসা ট্রেনের নাম উল্লেখ করার পরে তিনি জানান, আপনি রাজশাহীতে যোগাযোগ করেন। পরে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।