রাতের ট্রেন আসে পরের দিন দুপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন হরতাল-অবরোধ নেই। এর পরও আগের (হরতাল-অবরোধ) মতোই ট্রেনের সময়সূচির (শিডিউল) বিপর্যয় ঘটছে। জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনে ঢাকাগামী তিনটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ৮ থেকে ১৩ ঘণ্টা বিলম্বে আসছে।
রাজশাহী ও খুলনাগামী ট্রেনের ক্ষেত্রেও সময়সূচির বিপর্যয় ঘটছে। এতে ট্রেনযাত্রীরা অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। গত সোমবার দুপুরে সরেজমিনে ওই রেলস্টেশনে দেখা গেছে, ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা অপেক্ষা করছে। এ সময় কয়েকজন যাত্রী জানান, একতা ট্রেনটি রোববার রাতে ও দ্রুতযান ট্রেনটি সোমবার সকালে এখানে পৌঁছার কথা। কিন্তু এখনো দুটি ট্রেনই পৌঁছায়নি। পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন ট্রেন দুটি বিকেল নাগাদ পৌঁছাবে।
যাত্রী ফজলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে এখন তো হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি নেই। অথচ আগের মতোই ট্রেনের সময়সূচির বিপর্যয় কেন?
রেলওয়ে সূত্র জানায়, এ পথে ঢাকাসহ তিনটি রুটে (আপ-ডাউন) ১৮টি ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকাগামী ছয়টি, খুলনাগামী ছয়টি ও রাজশাহীগামী ছয়টি ট্রেন নিয়মিত চলাচল করে।
আক্কেলপুর স্টেশনের ট্রেন চলাচলের রেজিস্টার খাতায় দেখা গেছে, ঢাকাগামী একতা এক্সপ্রেস শনিবার রাত ১২টা ১৮ মিনেটের পরিবর্তে গত রোববার বেলা একটা ৩৫ মিনিটে, নীলসাগর এক্সপ্রেস শনিবার দিবাগত রাত একটা ২৪ মিনিটের পরিবর্তে রোববার বেলা দুইটা ১০ মিনিটে ও দ্রুতযান রোববার সকাল ১০টা ৪০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস রোববার সকাল ১০টা ১৭ মিনিটের পরিবর্তে বেলা দুইটা ৫০ মিনিটে, রকেট মেইল রোববার দুপুর ১২টা পাঁচ মিনিটের পরিবর্তে বিকেল তিনটা ৫৬ মিনিটে এবং রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস রোববার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটের পরিবর্তে সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে পৌঁছেছে।
স্টেশনমাস্টার খাদিজা খাতুন জানান, ঢাকাগামী ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে এখানে পৌঁছাচ্ছে। অন্য ট্রেনগুলোও দেরিতে আসছে। তবে ঢাকাগামীর মতো নয়।
কী কারণে এমনটা হচ্ছে জানতে চাইলে খাদিজা খাতুন জানান, এটি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।
ট্রেনের সময়সূচি বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শফিকুর রহমান মুঠোফোনে জানান, কোথায় ট্রেনের সময়সূচির বিপর্যয় হচ্ছে? কিছু ট্রেনের নাম উল্লেখ করে বলা হলে তিনি রাজশাহীতে যোগাযোগ করেন বলে ফোনের সংযোগ কেটে দেন।