
বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য রাতের বেলায় আরেক দফা পাঠদান করাতেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও থামেনি তাঁর সেই প্রচেষ্টা। কিন্তু এবার থেমে গেলেন শিক্ষক এমদাদুল হক। থেমে গেল তাঁর রাতের পাঠদান। গতকাল শুক্রবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন এমদাদুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এমদাদুল হক। বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য এবং মেধাবীদের আরও ভালো ফলাফল নিশ্চিত করার জন্য বিনা পারিশ্রমিকে রাতের বেলায় বিদ্যালয়ে আরেক দফা পাঠদান করতেন তিনি। তাঁর এই প্রচেষ্টা নিয়ে ২০০৯ সালের ১৭ অক্টোবর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘রাতের বেলায় আরেক দফা পাঠদান’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি সরকারের নজরে আসে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর অধীনে ‘স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন’ প্রকল্পের আওতায় পরের বছর ১৭ থেকে ২৩ জানয়ারি পর্যন্ত সাত দিনের জন্য তাঁকে জাকার্তায় পাঠানো হয়।
গত মে মাসে শিক্ষক এমদাদুল হকের শরীরে ক্যানসার ধরা পড়ে। তাঁর অস্থি ক্ষয়ে যাওয়ার কারণে একটি হাত ভেঙে যায়। ওই অবস্থায় ভাঙা হাত নিয়েই তিনি ক্লাস করাতেন। এ নিয়ে গত ১১ অক্টোবর প্রথম আলোতে ‘থেমে যাবে রাতের পাঠদান!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পীরগাছা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল চারটায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।