রাতের ফেরিতে তিন তাস খেললে হবে সর্বনাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা। যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে পাটুরিয়া ঘাট ছাড়ে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। মাঝনদীতে পৌঁছার পরপরই ফেরির দিকে ছুটে আসে একটি ট্রলার। একপর্যায়ে চলন্ত ফেরির সঙ্গে ভিড়িয়ে ওই ট্রলার থেকে একে একে উঠে আসে ১৫ জনের মতো যুবক। ফেরিতে ওঠার পরই দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে তারা। তখন রাত পৌনে একটা। ফেরির পেছনের দিকে ফাঁকা জায়গায় তিন তাস দিয়ে খেলতে শুরু করে ট্রলার থেকে উঠে আসাদের ভেতর থেকে তিনজন। খানিক বাদেই সেখানে উপস্থিত হয় ওই দলেরই আরও কয়েকজন। খেলার ছলে জিতে নেয় (নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে) কয়েক হাজার টাকা। টাকা জেতার এই দৃশ্য দেখে আকৃষ্ট হয়ে সেখানে উপস্থিত হন ফেরিতে ওঠা বাস ও ছোট গাড়ির বেশ কয়েকজন যাত্রী। তাঁদের অনেকে খেলার সঙ্গে যুক্ত হন, আবার অনেকে মজা করে খেলা উপভোগ করতে থাকেন।রাত একটা। খেলা চলার একপর্যায়ে ট্রলারে ওঠা অন্য যুবকেরা হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে অস্ত্রের মুখে যাত্রীদের নগদ অর্থ, স্বর্ণালংকার ও মুঠোফোন কেড়ে নিয়ে চলন্ত ফেরি থেকে ট্রলারে লাফিয়ে পড়ে দ্রুত সটকে পড়ে। দুর্বৃত্তদের খপ্পরে পড়ে সব হারানো ব্যক্তিদের একজন যশোরের কাঁচামাল ব্যবসায়ী আবদুল আজিজ। মাস খানেক হয় তিনি এলাকা থেকে কাঁচামাল সংগ্রহ করে রাজধানীর কারওয়ান বাজারে নিয়ে বিক্রি করছেন। তাই ফেরিঘাট সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল নন। মাল বিক্রি করে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁদের বহনকারী বাসটি রাত সোয়া ১২টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানে ওঠে। কিছুদূর যাওয়ার পরই তিনি ওই দুর্বৃত্তদের খপ্পরে পড়ে সব হারান। তিনি জানান, তাঁর কাছে সব মিলিয়ে প্রায় ৩১ হাজার টাকা ছিল। কিছু না বুঝে অন্যদের সঙ্গে খেলা দেখতে গিয়ে তিন তাসের আসরের কাছে গিয়ে দাঁড়ান। এর কয়েক মিনিটের মধ্যে খেলতে থাকা যুবকসহ আরও কয়েকজন তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে সব টাকা লুটে নেয়। অনেকেই অভিযোগ করেন, নৌপথের দেখভালের দায়িত্বে রয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশ। কিন্তু তাদের সঙ্গেই ওই সব দুর্বৃত্তের সখ্য রয়েছে। পাটুরিয়া নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘ফেরিতে তিন তাসের আসর বসিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে, এ অভিযোগ মিথ্যা না। কিন্তু এদের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। জনবলস্বল্পতা আর আধুনিক নৌযানের অভাবে তা সম্ভব হয়ে উঠছে না।’ মাহাবুবুর রহমান আরও বলেন, যেসব ফেরিতে পুলিশ দেওয়া হয়, ওই সব ফেরিতে দুর্বৃৃত্তরা হানা দেয় না। যেসব ফেরিতে পুলিশ দেওয়া সম্ভব হয় না, তারা ওই সব ফেরিতেই অপতৎপরতা চালায়।নদীতে পুলিশি টহল জোরদার করা হলে দুর্বৃত্তদের হাত থেকে যাত্রীদের মালামাল রক্ষা করা সম্ভব কি না, প্রশ্ন করা হলে মাহাবুবুর রহমান বলেন, মান্ধাতার আমলের বোট দিয়ে তা সম্ভব নয়।