রাত্রিকালীন লঞ্চে আনসার নেই, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-শরীয়তপুর নৌপথে রাতে লঞ্চে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। যাত্রীদের নিজ দায়িত্বে মালামাল ও টাকা-পয়সা নিয়ে যাতায়াত করতে হয়। লঞ্চে অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে পড়ে যাত্রীরা সর্বস্ব হারাচ্ছে। চুরি, ছিনতাই প্রতিদিনের ঘটনা। প্রায়ই দুর্গম চরের মধ্যে লঞ্চে ডাকাতির ঘটনা ঘটছে। লঞ্চের যাত্রী, কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-শরীয়তপুরের ছয়টি নৌপথে প্রতিদিন ২০টি রাত্রিকালীন লঞ্চ চলাচল করে। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকার সদরঘাট ও শরীয়তপুরের বিভিন্ন ঘাট থেকে এসব লঞ্চ ছেড়ে যায়। সারা রাত চলাচলের পর সকালে বিভিন্ন ঘাটে পৌঁছে। রাতে যাত্রীরা যখন ঘুমে আচ্ছন্ন থাকে, তখন মলম পার্টি, অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। দুর্গম চরের কাছে লঞ্চগুলো পৌঁছলে ট্রলার ও সি-বোট দিয়ে ডাকাত দল লঞ্চে ওঠে। অস্ত্রের মুখে যাত্রীদের জিমিঞ্চ করে সর্বস্ব কেড়ে নিয়ে যায়। গত বছর ঈদের দুই দিন আগে কয়েকটি লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রতিদিনই লঞ্চের যাত্রীদের মালামাল চুরি ও ছিনতাই হচ্ছে। শরীয়তপুর আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরে ছয়টি নৌপথে রাত্রীকালীন লঞ্চ চলাচল করে। এর মধ্যে ডামুড্যা পথের দুটি লঞ্চে ছয়জন আনসার দায়িত্ব পালন করছেন। লঞ্চ কর্তৃপক্ষ বাড়তি খচর বাঁচানোর জন্য লঞ্চে আনসার মোতায়েন করছে না। নিয়মানুযায়ী একটি লঞ্চে আটজন আনসার মোতায়েন করার কথা। ঢাকা-নড়িয়া পথের লঞ্চযাত্রী কেদারপুর গ্রামের সালেহ উদ্দিন বলেন, গত সপ্তাহে ঢাকা থেকে রাতে লঞ্চে আসার পথে তাঁর মালামাল ও টাকা ছিনতাই হয়েছে। কেউ এগিয়ে আসেনি। লঞ্চে অস্ত্রসহ আনসার থাকলে ছিনতাইকারীরা এত সাহস পেত না।ভেদরগঞ্জ উপজেলার চরপায়াতলী গ্রামের লঞ্চযাত্রী আরিফ বাগা বলেন, গত বছর লঞ্চে ঢাকা থেকে আসার পথে ডাকাতেরা অস্ত্রের মুখে সর্বস্ব কেড়ে নেয়। ঢাকা-ডামুড্যা নৌপথে চলাচলকারী আওলাদ লঞ্চের ব্যবস্থাপক মাছুম মিয়া বলেন, ‘লঞ্চে যাত্রী কম চলাচল করে, তাই লোকসান দিয়ে যাত্রী পারাপার করছি। যা আয় হয়, তা দিয়ে কর্মীদের বেতন দেওয়াই সম্ভব নয়। আনসার মোতায়েন করতে বাড়তি টাকা খরচ করার অবস্থা কর্তৃপক্ষের থাকে না।’ঢাকা-গোসাইরহাট নৌপথে চলাচলকারী স্বর্ণদ্বিপ লঞ্চে কর্মরত আনসার সদস্য মিজানুর রহমান বলেন, দুষ্কৃতকারীরা জানে রাতে লঞ্চে আনসার থাকে না। এ সুযোগে তারা যাত্রীদের মূল্যবান মালামাল ও টাকা পয়সা কেড়ে নেয়। অরক্ষিত রাত্রিকালীন লঞ্চগুলোতে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। শরীয়তপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের অধিনায়ক রবিউল ইসলাম বলেন, আনসারদের নিয়মিত বেতন দেওয়ার ভয়ে লঞ্চ মালিকেরা আনসার মোতায়েন করে না। যাত্রীদের নিরাপত্তার জন্য রাতে লঞ্চে আনসার মোতায়েন করা জরুরি। লঞ্চ কর্তৃপক্ষ না চাইলে আমরা আনসার মোতায়েন করতে পারি না।