রাধানগর প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল, পরিত্যক্ত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিম ও পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভবনটি ধসে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাটল দেখা দেওয়ায় সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশল দপ্তর তিনটি শ্রেণীকক্ষের মধ্যে একটি শ্রেণীকক্ষ পরিত্যক্ত ঘোষণা করে তা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে তিনটি শ্রেণীকক্ষসহ চার কক্ষবিশিষ্ট বিদ্যালয়ের একতলা ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৪ সালে। কিন্তু ১৯ বছরেই বিদ্যালয়টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বড় ধরনের ফাটল ধরেছে শ্রেণীকক্ষের বিম, পিলারসহ বারান্দার পিলারে। স্থানে স্থানে ছাদের রড বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই এসব স্থান দিয়ে পানি পড়ে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় ব্যক্তিরা জানান, ২০০৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথম আলোর পক্ষ থেকে ৮০ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়টির বারান্দা ও শৌচাগারের সংস্কার করা হয়। এর আগে ও পরে বিদ্যালয় ভবন সংস্কারের জন্য সরকারিভাবে কোনো অর্থের বরাদ্দ আসেনি। সংস্কারের অভাবে বিদ্যালয়টি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রধান শিক্ষক বিথীকা রায় জানান, তিনটি শ্রেণীকক্ষে ২০৪ জন শিক্ষার্থীকে দুই পর্যায়ে পাঠদান করা হয়। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কক্ষটিতে প্রথম পর্যায়ে প্রথম শ্রেণী ও দ্বিতীয় পর্যায়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানো হতো। কক্ষটি পরিত্যক্ত ঘোষণা করায় গ্রীষ্মকালীন ছুটি শেষে বিদ্যালয় খোলার পর ওই দুই শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান নিয়ে সমস্যায় পড়তে হবে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবুল চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে এ বছর বিদ্যালয়টি সরকারি হয়েছে। ফাটল দেখা দেওয়ার পর থেকে অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে আছেন।উপজেলা প্রকৌশলী জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ইতিমধ্যেই উপজেলা শিক্ষা কমিটির সভায় রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। খুব শিগগির কাগজপত্র তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।