রাধারমণকে মরণোত্তর একুশে পদক দেওয়ার দাবি জগন্নাথপুরবাসীর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের মাসিক সভায় গীতি কবি রাধারমণ দত্ত পুরকায়স্থকে মরণোত্তর একুশে পদক দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ দাবি জানানো হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের প্রধানেরা বক্তব্য দেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ বলেন, ‘রাধারমণ দত্ত পুরকায়স্থের মতো গুণী মরমি কবিকে আরও আগেই একুশে পদক দেওয়া দরকার ছিল। তিনি এ দেশের সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেছেন। সিলেটি ধামাইল গানের প্রবর্তক এই গুণী মরমি কবি এ দেশের গর্ব। তাই আমরা উপজেলা পরিষদের সভায় তাঁকে মরণোত্তার একুশে পদক দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’