রানওয়ে থেকে ছিটকে গেল উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে অবতরণের পর ইউএস বাংলা এয়ারলাইনসের এক উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পাশের নরম মাটিতে চলে যায়। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ ছিল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) জানায়, উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর যায়। সকাল পৌনে আটটার দিকে উড়োজাহাজটি অবতরণ করে। রানওয়ে বৃষ্টিতে ভেজা থাকায় উড়োজাহাজটি নির্ধারিত স্থান থেকে আরও সামনে অবতরণ করে। ফলে রানওয়ের শেষ প্রান্তে গিয়ে সেটি থামে। এরপর উড়োজাহাজ ঘোরানোর সময় পেছনের চাকা ছিটকে রানওয়ের শেষে নরম মাটিতে (রানওয়ে অ্যান্ড সেফটি এরিয়া) চলে যায়।
ওই উড়োজাহাজের যাত্রী সাবেক সাংসদ এ জেড এম রেজওয়ানুল হক প্রথম আলোকে বলেন, এ সময় উড়োজাহাজটি প্রচণ্ড ঝাঁকুনি খায়, এতে যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
বিমানবন্দরের ইউএস বাংলা এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার রাকিব মুস্তাকিমের ভাষ্য, ইউএস বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটিতে থাকা ৭৪ জন যাত্রীর সবাই অক্ষত আছেন। বিমান থেকে বের করে আনার পর তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহমেদ বলেন, ইউএস বাংলার উড়োজাহাজটি ছিটকে পড়ার পর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়। সৈয়দপুর সেনানিবাসের ক্রেন ও উদ্ধারকারী দল, বিমানবন্দর ফায়ার সার্ভিসের সদস্য ও ঢাকা থেকে হেলিকপ্টারে করে আসা প্রকৌশলীরা উড়োজাহাজটির ক্ষতিগ্রস্ত চাকা ঠিক করে সেটিকে রানওয়েতে ফিরিয়ে আনেন।