রানওয়ে থেকে ছিটকে গেল উড়োজাহাজ
নৌবাহিনীর একটি উড়োজাহাজ অবতরণের সময় আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এ কারণে বিকেল পৌনে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই বিমানবন্দরে সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, নৌবাহিনীর একটি ছোট উড়োজাহাজ আজ বিকেল পৌনে ছয়টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিরাপদে অবতরণ করলেও মুহূর্তের মধ্যে এটি রানওয়ে থেকে ছিটকে যায়। তবে পাইলট অক্ষত রয়েছেন। এরপর বিমানবন্দরের পরিচালন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবীর প্রথম আলোকে বলেন, উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে যায়। ফলে বিকেল পৌনে ছয়টা থেকে সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হয়। ক্রেন দিয়ে রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়। আধা ঘণ্টা পর রাত নয়টার দিকে পরিচালন কার্যক্রম স্বাভাবিক করতে বিমানবন্দর উন্মুক্ত করে দেওয়া হয়।
বিমানবন্দরের অভিবাসন পুলিশের বিশেষ সুপার (এসএস) মো. শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, উড়োজাহাজ ছিটকে পড়ার কারণে আন্তর্জাতিক রুটের এয়ার অ্যারাবিয়া চট্টগ্রামের আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে ঢাকায় অবতরণ করে। এ ছাড়া বাংলাদেশ বিমানের ঢাকা-চট্টগ্রাম-দোহা (কাতার) রুটের উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করতে না পেরে আবার ঢাকায় চলে যায়। সেখান থেকে দোহা চলে গেছে।
বিমানবন্দরের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ওমানের মাসকটগামী ইউএস বাংলার একটি এবং রিজেন্টের একটি উড়োজাহাজ ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে উড়াল দেওয়ার কথা ছিল। এই দুটি ফ্লাইট দেরিতে চট্টগ্রামে আসে। এ ছাড়া ইউএস বাংলার অভ্যন্তরীণ রুটের আরও দুটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রামে আসতে দেরি হয়েছে