রানওয়েতে গাড়ি বিকল, অবতরণ দুই ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে গতকাল মঙ্গলবার একটি গাড়ি বিকল হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন বেসরকারি বিমান সংস্থার একটি উড়োজাহাজের (ফ্লাইট) যাত্রীরা। ফ্লাইটটি সোয়া দুই ঘণ্টা দেরিতে অবতরণ করে।
বিমানবন্দরের কর্মকর্তা ও যাত্রী সূত্রে জানা গেছে, বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসে। এটিতে ৬৫ জন যাত্রী ছিল। এটি সকাল ১০টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একটি গাড়ি (চেকিং পিকআপ) নিয়মিত পর্যবেক্ষণ করার সময় আকস্মিক রানওয়েতে বিকল হয়ে পড়ে। অনেক চেষ্টার পরও সেটি অপসারণ করা যাচ্ছিল না। এ অবস্থায় ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সংকেত না পেয়ে আকাশে পাঁচবার চক্কর দেয়। এরপরও বিমানটি অবতরণের সংকেত না পেয়ে পুনরায় ঢাকা ফিরতে বাধ্য হয়। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রানওয়েতে বিকল হওয়া পর্যবেক্ষণ পিকআপটি সরিয়ে নেয়। বেলা একটায় ফ্লাইটটি এখানে অবতরণ করে।