
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা প্রায় তিন মাস ধরে জোরদার করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তাঁরা বলছেন, বিমানবন্দরটি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। তবে বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। প্রাচীর টপকে, ভাঙা অংশ দিয়ে ও সুড়ঙ্গ পথে লোকজনকে রানওয়েতে ঢুকতে দেখা গেছে। ঢুকছে কুকুর, গরু-ছাগলও।
গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের সীমানাপ্রাচীরের পশ্চিম দিকে প্রায় ২০টি অংশে ভেঙে লোকজন চলাচলের মতো ফাঁক করা হয়েছে। এ ছাড়া প্রাচীরের নিচ দিয়ে অন্তত তিনটি সুড়ঙ্গ পথ রয়েছে। এসব ফাঁকা অংশ ও সুড়ঙ্গ পথ ব্যবহার করে লোকজন রানওয়েতে ঢুকছে। এ ছাড়া কুকুর ও গরু-ছাগল ঢুকতে দেখা গেছে। একজন নারী সুড়ঙ্গ পথ দিয়ে রানওয়ে থেকে বের হচ্ছিলেন। এ সময় নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, এলাকার অনেকে প্রাচীরের নিচের ওই সুড়ঙ্গ পথে ঢুকে রানওয়ে পার হয়ে ওপারে নিচু কলোনি বাজারে যাওয়া-আসা করে। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে যায়। অনেকে আবার সীমানাপ্রাচীরের ভেতরে গরু-ছাগলও চরায়। গরুর ঘাসও কাটে কেউ কেউ।
পশ্চিম দিকের সীমানাপ্রাচীরটি তুলনামূলক নিচু হওয়ায় রানওয়েসহ ‘বে’ (বিমান দাঁড়ানোর নির্ধারিত স্থান) পর্যন্ত স্পষ্ট দেখা যায়। এ ছাড়া বিমান ওঠা-নামার সময় প্রাচীরের ওপর কয়েকজন দর্শনার্থীকে বসে থাকতেও দেখা গেছে।
নবী আলম মণ্ডল নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, সীমানাপ্রাচীর লাগোয়া প্রায় প্রতিটি বাড়িতে বাঁশের মই আছে। এসব মই বেয়ে প্রাচীর টপকে তাঁরা রানওয়েতে প্রবেশ করেন। এ ছাড়া টার্মিনাল ভবনের উত্তর ফটক দিয়ে রানওয়েতে ঢুকে পড়ে এলাকার বাসিন্দারা।
জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহিন আহম্মেদ বলেন, ওপরের নির্দেশে প্রায় তিন মাস ধরে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। ভেতরে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। স্ক্যানিং, যাত্রীদের দেহ তল্লাশি, পরিচয়পত্র খতিয়ে দেখা ও গাড়ি টহলের মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে পেছনের সীমানাপ্রাচীরের সুড়ঙ্গ পথে লোকজন ও গরু-ছাগলের আসা-যাওয়ার কথা তিনি অস্বীকার করেন। তিনি দাবি করেন, বহিরাগত লোকজন বিমানবন্দরে প্রবেশ করেন না।