রানওয়েতে পিকআপ বিকল, দুবার আসতে হলো বিমানকে
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করতে না পেরে আজ মঙ্গলবার ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিমানকে ঢাকা থেকে সেখানে দুবার যেতে হয়েছে।
সকালে একটি পর্যবেক্ষণ (চেকিং) পিকআপ আকস্মিকভাবে বিকল হয়ে পড়লে ওই বিমানটিকে ঢাকায় ফেরত যেতে হয়। পিকআপ সরানো হলে বিমানটি আবার যাত্রী নিয়ে সৈয়দপুর রওনা হয়। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক মো. শাহীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ১০টা পাঁচ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসে। ফ্লাইটটিতে ৬৫ জন যাত্রী ছিলেন। সকাল ১০টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে এটির অবতরণের কথা ছিল। কিন্তু সিভিল এভিয়েশনের নিয়মিত একটি পর্যবেক্ষণ পিকআপ রানওয়েতে আকস্মিকভাবে বিকল হয়ে পড়ে। তাৎক্ষণিক এটি অপসারণ করা যায়নি। ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সংকেত না পেয়ে সৈয়দপুরের আকাশে পাঁচ বার চক্কর দিয়ে ঢাকায় ফেরত যায়।
ওই বিমানের একজন ক্রু কবির প্রথম আলো প্রতিনিধিকে জানান, বিমান সৈয়দপুরে পৌঁছালে সৈয়দপুর বিমানবন্দর থেকে জানানো হয় ১৫ মিনিটের মধ্যেই বিকল গাড়িটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে। কিন্তু অন্তত ১৮ মিনিট ধরে সৈয়দপুর বিমানবন্দরের ওপরে যাত্রীসহ বিমানটি চক্কর দিতে থাকে। পরে জানানো হয়, বিকল গাড়ি সরাতে ৪৫ মিনিট সময় লাগবে। জ্বালানি সংকটের কারণে বাধ্য হয়ে চালক বিমানটি ঢাকায় ফেরত নেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান ফেরত যাওয়ার পর বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ পিকআপটি অপসারণ করে। বিমানটি ঢাকা থেকে পুনরায় বেলা একটায় সৈয়দপুর বিমানবন্দরে স্বাভাবিক অবতরণ করে। একটা ২০ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ইউএস বাংলা এয়ারওয়েজের সৈয়দপুর স্টেশন ম্যানেজার রাকিব মোস্তাকিম জানান, সৈয়দপুর বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে বিমান অবতরণের সংকেত না পেয়ে বিমানটি ঢাকায় ফিরে যায়। পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক মো. শাহীন বলেন, বিমান অবতরণের আগে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের পিকআপ বিমানবন্দরের রানওয়েতে বিকল হলে তা অপসারণ করা সম্ভব হয়নি। এতে ইউএস বাংলা ফ্লাইটটি প্রথম দফায় অবতরণে ব্যর্থ হয়। পরে পিকআপটি সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা বিলম্বে ঢাকা থেকে এসে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এতে ওই বিমানের যাত্রীরা দুর্ভোগ পোহান।