রানওয়ের প্রান্তে উড়োজাহাজ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানের ওঠা-নামা দেখতে বিমানবন্দর-সংলগ্ন উত্তরার দলিপাড়া এলাকার সড়কে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন। ছবি: হাসান রাজা
বিমানের ওঠা-নামা দেখতে বিমানবন্দর-সংলগ্ন উত্তরার দলিপাড়া এলাকার সড়কে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন। ছবি: হাসান রাজা

সবুজ ঘাসের বিস্তৃত গালিচা, মাঝখানে ধূসর-রঙা লম্বা রানওয়ে। পাঁচ-দশ মিনিট পর পরই আকাশ চিরে কান ঝালাপালা শব্দে ধূসর পথে গা এলিয়ে নামছে একের পর এক উড়োজাহাজ।
রাজধানীর উত্তরার দলিপাড়া এলাকায় রানওয়ে সংলগ্ন সড়কের ধরাবাঁধা দৃশ্য এটি। যে সড়কের মাত্র ২০ মিটার ওপর দিয়ে নিত্যদিন উড়োজাহাজ নেমে চলে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে।

তারকাটার নিরাপত্তাবেষ্টনীর ফাঁক দিয়ে উড়োজাহাজের ওঠা-নামা দেখছেন দর্শনার্থীরা। ছবি: হাসান রাজা
তারকাটার নিরাপত্তাবেষ্টনীর ফাঁক দিয়ে উড়োজাহাজের ওঠা-নামা দেখছেন দর্শনার্থীরা। ছবি: হাসান রাজা

বিকেল হলে তো আকাশ থেকে কাছে টেনে যেন উড়োজাহাজগুলোকে বরণ করে নেন হাজারো উৎসব-পিপাসু। আকাশযানকে স্বাগত জানানোর সময় তাঁদের সবার মুখে হাসি ছড়িয়ে পড়ে; ছেলে-বুড়ো, বৃদ্ধা-তরুণী কিংবা শিশু-কেউ-ই তখন বসে থাকেন না। গলা উঁচু আর কান খাঁড়া করে অপলক আকাশযানের দিকে দৃষ্টি ছুড়ে দেন প্রত্যেকেই।
বিকেলটা যদি রোদ-মাখা, সঙ্গে আকাশটা থাকে নীল, তাহলে বাড়তি সুযোগ নিয়ে নেন দর্শনার্থীরা। বিমান আসার দৃশ্য সবই ঝটপট তাঁদের মুঠোফোনে বন্দী হয়ে যায়। আড়াআড়ি কাঁটাতারের বেষ্টনী থাকায় সেটি ভেদ করে তাঁদের আর সামনে এগোনোর সুযোগ নেই।

উড়োজাহাজ নামছে রানওয়েতে। ছবি: হাসান রাজা
উড়োজাহাজ নামছে রানওয়েতে। ছবি: হাসান রাজা

এ তো গেল উত্তর আকাশ থেকে উড়োজাহাজ নেমে আসার দৃশ্য। দূরে দেখা যায় সারি সারি দাঁড়িয়ে থাকা বড় বড় উড়োজাহাজ। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন, এমিরেটস, জেট এয়ার আরও কত কি!
তা ছাড়া রানওয়ের উত্তর প্রান্ত ঘুরে দক্ষিণ দিকে ছুটে উড়োজাহাজগুলো উড়ে যাওয়াও দেখা যায় কলাপাড়ার সড়কটিতে দাঁড়িয়ে। এসবই বিনা পয়সায়। রাজধানী ঢাকায় এমন সুযোগ নেই বললেই চলে।
সাপ্তাহিক ছুটি দিন শুক্রবার দর্শক চলে আসেন এখানে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে। ঈদ কিংবা পয়লা বৈশাখের মতো দিন হলেও উৎসুক লোকজন উপচে পড়েন দলিপাড়া রানওয়েতে।
৫ জুন বিকেলে ছেলে শিহাব উদ্দিনের উড়োজাহাজ দেখার বায়না মেটাতে রানওয়ে এলাকায় এসেছিলেন শাহ আলম। সাত বছরের শিহাব টানা দেড় ঘণ্টা বাবার কোলে বসে উড়োজাহাজ ওঠানামা দেখেছে। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি ফিরে যেতে চাইছিল না শিশুটি।

দর্শনার্থীদের চোখ উড়োজাহাজের দিকে। ছবি: হাসান রাজা
দর্শনার্থীদের চোখ উড়োজাহাজের দিকে। ছবি: হাসান রাজা

শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘এই রাস্তা দিয়ে আমি মিরপুর কালশীতে যাতায়াত করি। এখানে প্লেন দেখা যায় শুনে ছেলে আবদার করে। আবদার মেটাতে ইজতেমা মাঠ এলাকার বাসা থেকে এসেছি।’
উত্তরার মতো আবাসিক এলাকায় বিনোদনের কিছু নেই বলে জানান জয় সরকার নামে আরেক দর্শনার্থী। কিছুটা অভিযোগের সুরে তিনি বলেন, ‘সাত-আট বছর ধরে উত্তরায় থাকি। উত্তরা কেন, ঢাকাতেই তো পরিবার নিয়ে দেখার তেমন কিছু নেই। তাই সুযোগ পেলেই পরিবার নিয়ে এখানে প্লেন দেখতে অসি।’
দলিপাড়ার বাসিন্দা মো. জসিম বলেন, ‘সব সময় পুলিশ-আনসার-আর্মড পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রানওয়েতে থাকেন। তাই দর্শকদের ভোগান্তিতে পড়তে হয়। ঢাকায় কী এমন খোলামেলা জায়গা পাওয়া যায়? ’

ঘোড়ার পিঠে চড়ে উড়োজাহাজ দেখারও ব্যবস্থা আছে। ছবি: হাসান রাজা
ঘোড়ার পিঠে চড়ে উড়োজাহাজ দেখারও ব্যবস্থা আছে। ছবি: হাসান রাজা

তবে রানওয়ের এই এলাকাটিকে ঝুঁকিপূর্ণ মনে করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি বলেন, ‘মাত্র ২০-৩০ মিটার ওপর দিয়ে এখানে উড়োজাহাজ অবতরণ করে। যদি কেউ ঢিল ছুড়ে মারে, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আশপাশে আবাসিক এলাকা গড়ে উঠছে, বিনোদন কেন্দ্রও নেই। সবকিছু বিবেচনা করে সড়কের ওপরে কাচের শেড বসানো হলে উড়োজাহাজ ওঠানামা ঝুঁকিমুক্ত হবে।’