রানওয়ের একটি লাইট উপড়ে যাওয়ার কারণে গতকাল শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ বন্ধ ছিল ১ ঘণ্টা ১০ মিনিট।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বেলা ১টা ১০ মিনিটের দিকে হঠাৎ বিমানবন্দরের কর্মীদের নজরে আসে যে রানওয়ের সাদা দাগের ওপর বসানো লাইটের একটি উপড়ে রয়েছে। ঝুঁকি বিবেচনা করে সঙ্গে সঙ্গে রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ওই লাইট খুলে ওই জায়গা বিটুমিন দিয়ে সমান করে দেওয়া হয়। এই কাজ শেষ করে বেলা ২টা ২০ মিনিটে আবার রানওয়ে খুলে দেওয়া হয়।
এই সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে আটটি ফ্লাইট ঢাকায় অবতরণ করার কথা ছিল। এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রামে গিয়ে অবতরণ করে। বাকিগুলো আকাশে চক্কর দিয়ে পরে অবতরণ করে। একই সময়ে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল চারটি ফ্লাইট। সেগুলো রানওয়ে চালু হওয়ার পর উড্ডয়ন করে।
এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবীর প্রথম আলোকে বলেন, রানওয়ের সাদা লাইন বরাবর লাইটগুলো থাকে, যাতে রাতের বেলায় বিমান অবতরণের লাইন দেখা যায়। এই লাইটগুলো রানওয়ের সঙ্গে মিশে থাকে। গতকাল একটি লাইট ওপরের দিকে উঠে যায়, যা সঙ্গে সঙ্গে নজরে পড়ে এবং দ্রুত মেরামতের কাজ শেষ করা হয়। তিনি বলেন, রানওয়ের ওপর এখন নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে ৭ জুন রানওয়েতে ধাতব টুকরা পড়ে থাকার কারণে আকস্মিকভাবে হজরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ওইদিন বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ঢাকার আকাশে উড়তে হয়েছে বাড়তি প্রায় ৪৫ মিনিট।
ওই ঘটনায় বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি করেছে। এখন পর্যন্ত তারা প্রতিবেদন জমা দেয়নি।