রানা আরও পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর সাবেক কর্মকর্তা লে. কমান্ডার (অব.) এম এম রানাকে তৃতীয় দফায় গতকাল পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে আসামি রানাকে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ৷ শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই দফায় ১৫ দিনের রিমান্ডে ছিলেন র৵াবের সাবেক এই কর্মকর্তা৷
আদালত সূত্রে জানা গেছে, গতকাল আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন৷ তাতে বলা হয়, কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ ও খুনের পর তাঁদের লাশের সঙ্গে বস্তাভর্তি ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় লে. কমান্ডার রানা জড়িত। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামি নূর হোসেনের মদদে রানা এই হত্যায় জড়িয়েছেন৷ নূর হোসেন সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।
আদালতে শুনানিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় এম এম রানাসহ র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে ব্যবহার করেছে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নূর হোসেন। ২৭ এপ্রিল ১১ জনের একটি দল নজরুলসহ অন্যদের রাস্তা থেকে তুলে নিয়ে যায়; যা অনেক প্রত্যক্ষদর্শীর দেওয়া জবানবিন্দতে উল্লেখ করা হয়েছে। রানাসহ র৵াবের অপর দুজন সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় তাঁদের সম্পৃক্ততার কথা তদন্ত কর্মকর্তা জানতে পেরেছেন৷ এসব হত্যায় আর কারা জড়িত ছিল, কী অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করা হয়েছে, লাশের সঙ্গে বাঁধা ইট ও বস্তা কে সরবরাহ করেছে, সে বিষয়গুলো উদ্ঘাটনে তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী আসামি রানাকে রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন৷
রানার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না৷ তিনি নিজে আদালতকে বলেন, যেখান থেকে অপহরণ হয়েছে, সেই ঘটনাস্থল তাঁর কর্মপরিধির মধ্যে ছিল না৷ রানা দাবি করেন, তিনি পরিস্থিতির শিকার৷ নূর হোসেনের সঙ্গে তাঁর কোনো সখ্য নেই।
আইনজীবীদের বিেক্ষাভ: আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে নারায়ণগঞ্জের আদালতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন আইনজীবীরা।
ছয়জনের সাক্ষ্য নিয়েছে র্যাবের তদন্ত কমিটি: সাত খুনের ঘটনায় র্যাবের গঠিত তদন্ত কমিটি গতকাল কাউন্সিলর নজরুলের পরিবারের দুজন সদস্যসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেছে। সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের অতিথিশালায় এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় সংবাদকর্মীদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।
যাঁদের সাক্ষ্য নেওয়া হয়েছে, তাঁরা হলেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম, ছোট ভাই আবদুস সালাম, ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম ও তাঁর মেয়ে অঁাখি আক্তার এবং ঘটনার দিন নারায়ণগঞ্জ আদালত এলাকায় দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্য ওমর ফারুক ও রফিকুল ইসলাম।