রানা দাশগুপ্তের মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ফরিদপুরে সংখ্যালঘুর জমি ও বাড়ি দখলসংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের একটি অংশ। ফরিদপুর প্রেসক্লাবে গতকাল রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ফরিদপুরের হিন্দু সমাজের পক্ষ থেকে’ একটি লিখিত বক্তব্য দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, ‘গত ৬ আগস্ট রানা দাশগুপ্ত ঢাকায় সংবাদ সম্মেলন করে ফরিদপুরের অরুণ গুহ মজুমদারের বিক্রি করা একটি বাড়ি নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সম্পর্কে অসত্য, বিভ্রান্তিমূলক ও কাল্পনিক তথ্য উপস্থাপন করেন। আমরা ফরিদপুরের হিন্দু সমাজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছি, ফরিদপুরে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ওই বাড়ির মালিক অরুণ গুহ মজুমদার বাড়ি বিক্রির ইচ্ছা প্রকাশ করার পর উপযুক্ত মূল্য দিয়ে মন্ত্রী জমিটি ক্রয় করেন। এর জন্য জোর-জবরদস্তি বা বিক্রয়ে বাধ্য করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
লিখিত ওই বক্তব্যে অভিযোগ করা হয়, ‘রানা দাশগুপ্ত গত ১৬ আগস্ট প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় সাক্ষাৎকারে ওই বিষয়টি নিয়ে পুনরায় কাল্পনিক ও মনগড়া তথ্য উপস্থাপন করেছেন।’ এতে বলা হয়, ফরিদপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির সহনশীল অবস্থাকে নষ্ট করার জন্য কিছু মানুষ চক্রান্ত শুরু করেছে এবং তারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন অসত্য তথ্য পরিবেশন করছে। তাদের দ্বারা প্রভাবিত হয়েই, ফরিদপুরের প্রকৃত অবস্থা না জেনেই রানা দাশগুপ্ত এই অসত্য অভিযোগটি করেছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমরা বিবৃতিদানকারী কেউই ঢাকায় পালিয়ে যাইনি অথবা কোনো চাপের মুখে ওই বিবৃতি দিইনি। জোরপূর্বক কোনো বায়নাপত্র বা জমি রেজিস্ট্রি করার অভিযোগ সম্পূর্ণ অসত্য। ...অরুণ গুহ ভারতে যেতে বাধ্য হয়েছেন বলে সাক্ষাৎকারে যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।’
সংবাদ সম্মেলনে ফরিদপুরের হিন্দু সম্প্রদায়ের পক্ষে নয়জন বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষরিত ওই লিখিত বক্তব্য পাঠ করা হয়।