রানা প্লাজা ও কারখানা মালিকদের ব্যাংক হিসাব বিবরণী দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক এবং ওই ভবনের চারটি পোশাক কারখানার মালিকের সর্বশেষ তিন মাসের ব্যাংকের হিসাব বিবরণী দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রানা প্লাজা ধসের ঘটনায় ভবন এবং ওই পোশাক কারখানার মালিকদের তিন মাসের ব্যাংক হিসাব বিবরণী দাখিলের জন্য আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্ল্যাস্ট) করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। আদালতে ব্ল্যাস্ট ও আসকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সারা হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী অবন্তী নূরুল ও প্রজ্ঞা পারমিতা রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। এ ছাড়া আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী বিজিএমইএর প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ ব্যাপারে আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, ওই প্রতিবেদনে বিজিএমইএ পোশাকশ্রমিকদের সুরক্ষার জন্য টাস্কফোর্স গঠন, পোশাক কারখানার কর্মকর্তাদের জন্য ক্র্যাশ কোর্স ও পোশাকপল্লির উন্নয়নসহ বেশ কিছু পদক্ষেপের কথা বলেছে।