রানা প্লাজা ট্র্যাজেডির দ্বিতীয় বর্ষপূর্তিতে নিউইয়র্কে বিক্ষোভ
বাংলাদেশের সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শ্রমিক সংগঠন নগরের ম্যানহাটনে ওই কর্মসূচি পালন করে।
এ সময় রানা প্লাজায় অবস্থিত পোশাক কারখানাগুলোর ক্রেতা গ্যাপ, ওয়ালমার্ট, জারা, জেসিপেনি এবং ম্যাঙ্গোর মতো খ্যাতনামা কোম্পানির স্থাপনার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা রানা প্লাজা ধসের ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ওই প্রতিষ্ঠানগুলোর প্রতি দাবি জানান। একই সঙ্গে তাঁরা শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন ও ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
নিউইয়র্কে ওই খ্যাতনামা পোশাক কোম্পানিগুলোর চোখধাঁধানো আউটলেট রয়েছে। কিন্তু এখানকার অনেকেই জানেন না যে রানা প্লাজাতেই তৈরি হতো এসব কোম্পানির পোশাক। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা বিধ্বস্ত হয়ে এক হাজারের বেশি পোশাকশ্রমিক নিহত হন। আহত হন বহু শ্রমিক। অনেকের লাশের সন্ধানও পাওয়া যায়নি।
ওই বিক্ষোভে আমেরিকার বিভিন্ন শ্রমিক সংগঠনকে নেতৃত্ব দিতে দেখা গেলেও দু-একটি ছাড়া বাংলাদেশি সংগঠনগুলোকে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা পশ্চিমের ক্রেতাদের সচেতনতা বাড়ানোর জন্য এ ধরনের কর্মসূচি কার্যকর বলে মনে করেন।